শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি এস কে সিনহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গভবনে গতকাল নতুন প্রধান বিচারপতি এস কে সিনহাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ l ছবি: পিআইডি
বঙ্গভবনে গতকাল নতুন প্রধান বিচারপতি এস কে সিনহাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ l ছবি: পিআইডি

নবনিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে গতকাল শনিবার সকালে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন এস কে সিনহা।
মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারক ও তিন বাহিনীর প্রধানেরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
নতুন প্রধান বিচারপতি ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন। তিনি ১২ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে এ পদে নিয়োগপ্রাপ্ত হন।
১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রানীরবাজার গ্রামে জন্মগ্রহণ করেন এস কে সিনহা। তিনি ১৯৭৮ ও ১৯৯০ সালে যথাক্রমে হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৯ সালের ২৪ নভেম্বর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ২৪ অক্টোবর তাঁর চাকরি স্থায়ী হয়। এরপর ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগে উন্নীত হন।
মণিপুরি সম্প্রদায়ের আনন্দ শোভাযাত্রা: মৌলভীবাজার প্রতিনিধি জানান, এস কে সিনহা প্রধান বিচারপতি হওয়ায় গতকাল দুপুরে মৌলভীবাজার বিষ্ণুপ্রিয়া মণিপুরি সোসাইটির পক্ষ থেকে মৌলভীবাজার শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের চৌমোহনা চত্বর ঘুরে পুনরায় প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় মণিপুরি সম্প্রদায়ের লোকজন ছাড়াও অন্য সম্প্রদায় ও শ্রেণি-পেশার লোকজন শরিক হন। সবাই মিলে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আজ সংবর্ধনা: নিজস্ব প্রতিবেদক জানান, নতুন প্রধান বিচারপতিকে আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সংবর্ধনা দেওয়া হবে। সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে এ অনুষ্ঠান হবে।
গতকাল শপথ গ্রহণের পর নতুন প্রধান বিচারপতি এস কে সিনহা সুপ্রিম কোর্টে আসেন। এরপর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।
এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগের ২ নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।