শপথ নিলেন নতুন ৬ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ‘নির্বাচনকালীন মন্ত্রিসভার’ নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ছয়জন ও প্রতিমন্ত্রী হিসেবে দুজন। আজ সোমবার বেলা সোয়া তিনটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁদের শপথ পড়ান। এই নতুন মন্ত্রীরা হলেন—আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার।
আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির মজিবুল হক ও সালমা ইসলাম।

এছাড়া জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সাংবাদিকদের বলেছিলেন, নতুনদের শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করা হবে।

এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাজোট সরকারের মন্ত্রিসভার অবসান হলো। তবে শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকছেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার শপথ নেয়।
জিয়াউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেসের ক্ষমতা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেন। সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
ওই পদে অধিষ্ঠিত থাকাকালে জিয়াউদ্দিন আহমেদ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়।