শপথ নিলেন নুতন সাংসদ

সিরাজগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত গাজী ম ম আমজাদ হোসেন আজ সোমবার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। আজ সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে নতুন এই সাংসদকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসের।
গত ৬ অক্টোবর সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা থানার আংশিক) আসনের সাংসদ ইসহাক হোসেন তালুকদার মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হাঁপানি ও হৃদরোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুর পর এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে গাজী ম ম আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। গত ২০ নভেম্বর তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ম ম আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুল ইসলাম জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ২২ নভেম্বর যাচাই-বাছাইয়ের দিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
এরপর ৩০ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা সুভাস চন্দ্র সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে গাজী ম ম আমজাদ হোসেনকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেন।