‘আমরা শপথ করিতেছি যে, যদি ধরা পড়ি, তাহলে কেউ কারো কথা বলব না। চাকুরি ছাড়লে চট্টগ্রাম ছেড়ে চলে যেতে হবে, চট্টগ্রাম না ছাড়লে পুলিশকে দিয়ে ধরিয়ে দেবো।’ এই শপথ কোনো মহত্ উদ্দেশ্যে নেওয়া হয় না। সিএনজিচালিত অটোরিকশা চুরির সঙ্গে জড়িত চক্রের শপথ এটি।জানা গেছে, বিভিন্ন মাজারে গিয়ে এভাবে শপথ নিয়ে চুরি শুরু করে সিএনজিচালিত অটোরিকশা চোরচক্র। পরে অটোরিকশা জিম্মি রেখে মোবাইল ফোনে মালিকের কাছে কুরিয়ারে টাকা পাঠাতে বলা হয়। ঠিকঠাকমতো টাকা পেলে অটোরিকশা ফেরত দেওয়া হয়, অন্যথায় বিক্রি করে দেওয়া হয়। অটোরিকশা চুরি এবং টাকা আদায়ের এ প্রক্রিয়া চোরচক্রের কাছে ‘চাকুরি’ হিসেবে পরিচিত। পুলিশ এটিকে বলছে অটোরিকশা ‘অপহরণ’।চট্টগ্রাম জেলা পুলিশ গত বৃহস্পতিবার রাতে এ রকম একটি সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের সন্ধান পেয়েছে। তাদের কাছ থেকে ১১টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় আবদুর রহিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশা উদ্ধার ও চক্রের সদস্যকে গ্রেপ্তারে নেতৃত্ব দেন হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতার। তিনি বলেন, এত দিন মানুষ অপহরণ করে মুক্তিপণ নেওয়া হতো। এখন সিএনজি ‘অপহরণ’ করে অর্থ আদায় করা হচ্ছে। এ চক্রটি নানা কৌশলে অটোরিকশা চুরি করে। চুরির আগে তারা মাজারে গিয়ে শপথ নেয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আবদুর রহিম অটোরিকশা চুরির ব্যাপারে চমকপ্রদ তথ্য দিয়েছে। তার তথ্যমতে, চোরাই অটোরিকশা রাখার দুটি গ্যারেজের সন্ধান পেয়েছে পুলিশ। ইতিমধ্যে হাটহাজারীর ইসলামিয়া হাটের গ্যারেজ থেকে ছয়টি ও নগরের আতুরার ডিপো এলাকার একটি গ্যারেজ থেকে পাঁচটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এই ‘অপহরণ’ বাণিজ্যের সঙ্গে গ্যারেজের মালিকদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। যে দুটি গ্যারেজে চোরাই অটোরিকশা পাওয়া গেছে, সে গ্যারেজ দুুটির মালিক পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশ বৃহস্পতিবার রাত থেকেই অভিযান শুরু করেছে। রহিম পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরে অটোরিকশা জিম্মি করে মুক্তিপণের মাধ্যমে মালিককে ফেরত দিচ্ছে। চুরির পর তারা অটোরিকশার নম্বর ও গায়ে লেখা মালিকের মোবাইল ফোন নম্বর দ্বিতীয় পক্ষকে দেয়। দ্বিতীয় পক্ষ আবার ঢাকায় তৃতীয় পক্ষকে জানায়। এই তৃতীয় পক্ষ চোরচক্রের ভাষায় ‘সাহেব’।‘সাহেবরা’ ঢাকা থেকে সিএনজির মালিককে ফোন করে মুক্তিপণের দেনদরবার করে। কুরিয়ারে টাকা পাঠানোর পর দ্বিতীয় পক্ষ চট্টগ্রাম থেকে কোনো স্থানে নিয়ে ওই সিএনজি রেখে আসে। পরে মালিক ওই স্থান থেকে সেটা নিয়ে যান। রহিম জানায়, প্রতিটি অটোরিকশা ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকায় ফেরত দেওয়া হয়।