শপথ নিয়েই সিএমএইচে ফিরলেন এরশাদ
নানা জল্পনা ও নাটকীয়তার পর গতকাল শনিবার দশম জাতীয় সংসদের সাংসদ হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। শপথ নিয়েই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ফিরে গেছেন।
গতকাল দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাপা চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান।
৫ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দেন এরশাদ। তবে এরশাদপত্নী রওশনের নেতৃত্বে জাপার একাংশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে নির্বাচনে অংশ নেয়। তাতে এরশাদসহ ১৩ জন জয়ী হন। এর আগে রওশনসহ দলটির ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। এখন দলটির মোট সাংসদ ৩৩ জন।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২৬, জাতীয় পার্টির ৩১, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদের চার, জাতীয় পার্টি (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৮৪ জন সাংসদ শপথ নেন। ওই দিন এরশাদসহ তাঁর দলের দুজন শপথ নেননি। শপথের পর জাপার সাংসদেরা রওশন এরশাদকে সংসদীয় দলের নেতা নির্বাচন করেন।
এর আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় এক মাস ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।