শপথ নেওয়ার দিনে কারাগারে চাঁপাইনবাবগঞ্জের দুই মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে নতুন মেয়রদের শপথ নেওয়ার কথা ছিল গতকাল বৃহস্পতিবার। তবে শপথ নিয়েছেন দুজন। বাকি দুজনকে নাশকতার মামলায় যেতে হয়েছে কারাগারে। কারাগারে যাওয়া দুজন হলেন রহনপুর পৌরসভার মেয়র তারিক আহম্মেদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম।
গত দুই দিনে নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় চাঁপাইনবাবগঞ্জের বিএনপির নেতা তারিক আহম্মেদ ও জেলা জামায়াতের আমির নজরুল ইসলামকে।
গতকাল দুপুরে রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র তারিক আহম্মেদ একটি হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালতে আত্মসমর্পণ করেন। আমলি আদালত ‘ঘ’ অঞ্চলের বিচারক শহিদুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক জানান, অবরোধ চলাকালে গত বছরের ৫ মার্চ গোমস্তাপুর উপজেলার নিমতলা-কাঁঠাল এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারা হলে চালকের সহকারী সেলিম মারা যান। ওই মামলার এজাহারভুক্ত আসামি তারিক আহম্মেদ।
নবনির্বাচিত মেয়র শিবগঞ্জ পৌরসভার কারিবুল হক ও নাচোল পৌরসভার আবদুর রশিদ গতকাল শপথ নিয়েছেন। কারিবুল হক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং আবদুর রশিদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে অংশ নেন।
বুধবার সাত মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জামায়াতের জেলা আমির নজরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে পাঁচ মামলায় জামিন নামঞ্জুর করে তাঁকেও কারাগারে পাঠান আদালত।