শপথ নেওয়ার পর তিন জনপ্রতিনিধি কারাগারে
শপথ নিয়ে জেলা কারাগারে যেতে হলো নড়াইলের পেড়লী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও দুজন সদস্যকে। এই তিন জনপ্রতিনিধি হলেন পেড়লী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. জারজিদ মোল্লা, ইউপি সদস্য মো. ফোরকান মোল্লা ও লেন্টু শেখ।
তাঁরা পেড়লী ইউপি নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনায় নিহত বদরুল ইসলাম হত্যা মামলার আসামি। নিহত বদরুল ইসলাম পেড়লী ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ মে পেড়লী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৫ মে নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনায় আসামিরা বদরুল ইসলামকে কুপিয়ে জখম করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুল ইসলাম ২৭ মে মারা যান। এ ঘটনায় বদরুলের ছেলে মো. সুজন শেখ বাদী হয়ে কালিয়া থানায় মামলা করেন। মামলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ৪২ জনকে আসামি করা হয়।
গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চেয়ারম্যানদের এবং কালিয়া ইউএনও মো. মনিরুল ইসলাম ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান।