শপথ, মানববন্ধনে দুর্নীতি না করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসন কর্মসূচির আয়োজন করে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়ে ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো-বাঁচবে দেশ’ স্লোগান সামনে রেখে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শহরের শের-ই-বাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবু জেকের, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম প্রমুখ।
কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রংপুরের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী শপথ, শোভাযাত্রা এবং মানববন্ধন হয়েছে। গতকাল সকালে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শপথবাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম সামিউল হক।
পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বর এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, রংপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ আল-আমিন, শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক, পৌর আওয়ামী লীগ নেতা কাজিউল ইসলাম প্রমুখ।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সমাবেশ, শপথবাক্য পাঠ ও দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, শিক্ষক, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।
চিরিরবন্দর পাইলট উচ্চবিদ্যালয়ে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। এরপর চিরিরবন্দর উপজেলা সদরের টিঅ্যান্ডটি মোড় থেকে ঘুঘরাতলী বাজার পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ এক মানববন্ধন করা হয়। এ কর্মসূচির স্লোগান ছিল, ‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা দুদক কর্যালয়ের উপপরিচালক আবদুল করিম। বক্তব্য দেন ইউএনও গোলাম রব্বানী, সহকারী কমিশনার (ভূমি) মাশফাকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা প্রমুখ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বঙ্গবন্ধু সড়কে দুর্নীতিবিরোধী মানববন্ধন হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। এ সময় দুর্নীতিবিরোধী বক্তব্য দেন সাবেক সাংসদ ইমদাদুল হক, সাংসদ সেলিনা জাহান, প্রান্তকথা পত্রিকার প্রকাশক রেজওয়ানূল হক, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুজ্জামান, প্রধান শিক্ষক মফিজুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নুরন্নবী প্রমুখ।
নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী মানববন্ধন হয়েছে। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী সংগঠন সততা সংঘের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে মানববন্ধন করা হয়। এর আগে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠে ‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’ স্লোগান সামনে রেখে দুর্নীতিবিরোধী সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিল্পপতি লায়ন নজরুল ইসলাম।
অন্যানে৵র মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন, ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী, দুদক সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক বীর কান্ত রায় প্রমুখ।