শপথের পর প্রথম বরাদ্দেই চাল লুট!
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নেওয়ার পর প্রথম বরাদ্দেই ভিজিএফের চাল লুট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের দুই হাজার দুস্থ ব্যক্তির মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে সরকার থেকে প্রত্যেককে ১০ কেজি করে মোট ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়।বরাদ্দের সেই চাল গত ২৯ আগস্ট বিতরণ করা হয়। সুবিধাভোগীদের দুই-তিন কেজি করে কম দিয়ে ৩০ বস্তা (২ দশমিক ৫ টন) চাল বাঁচানো হয়। পরে ইউপি চেয়ারম্যান, সদস্য ও ভিজিএফ বিতরণ কমিটির লোকেরা সেই চাল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।২৯ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত অভিযোগ এবং সুবিধাভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট আলমপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত দিনে চাল বিতরণের সময় দুই-তিন কেজি করে চাল কম দিয়ে ৩০ বস্তা চাল বাঁচানো হয়। নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে ওই চাল থেকে সাত বস্তা চেয়ারম্যান, ১২ বস্তা ইউপি সদস্যরা, চার বস্তা চাল বিতরণ কমিটির সদস্য এবং সাত বস্তা চৌকিদার ও কয়ালদের (যারা চাল মেপে দেয়) মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।অভিযোগকারীদের মধ্যে উপজেলার ফোপড়া গ্রামের বেলাল উদ্দীন, মুনিরুজ্জামান, পাচুইল গ্রামের আবদুর রাজ্জাক ও ফুলদীঘি বাজারের সবুজ মিয়া জানান, চাল কম দেওয়ার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো হয়। কিন্তু এতে কোনো লাভ হয়নি। পরে ৩০ বস্তা চাল বাঁচলে সেই চাল ভাগাভাগি করতে তাঁরা বাধা দেন এবং ঘটনাটি ক্ষেতলালের ইউএনওকে লিখিতভাবে জানান। বিতরণের পরপরই আবদুর রাজ্জাকের চাল মেপে তিন কেজি চাল কম পাওয়া গেছে।যুবলীগের নেতা বেলাল হোসেন বলেন, চাল হরিলুটের জন্য আওয়ামী লীগের কিছু নেতা বিএনপিসমর্থিত চেয়ারম্যানের সঙ্গে হাত মিলিয়েছেন। ওই ইউনিয়নের সচিব কমল উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৩০ বস্তা নয়, ১৩-১৪ বস্তা চাল বাঁচলে তা চৌকিদার ও কয়ালদের মধ্যে বিতরণ করা হয়।প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত চাল বিতরণ তত্ত্বাবধায়ক উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্য সহকারী কবীর হোসেন বলেন, ‘ইউএনওর নির্দেশে আমি একসময় গিয়ে সুষ্ঠুভাবে চাল বিতরণের করা হচ্ছে—এ মর্মে স্বাক্ষর করে এসেছি। পরে কোনো অনিয়ম হয়ে থাকলে সেটা আমার জানার বাইরে।’অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গাজীউল হক জানান, ৩০ বস্তা নয়, ১১ বস্তা চাল বাঁচলে গরিব চৌকিদার ও কয়ালদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।ক্ষেতলালের ইউএনও রুহুল আমিন মিঞা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’