শপিং ব্যাগে পটকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল সোমবার দুপুরে শতাধিক পটকা, বোমা তৈরির বারুদ ও কাচের গুঁড়া উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার তলিহাটি ইউনিয়ন পরিষদের সাইটালিয়া গ্রামের চৌকিদার হেলাল উদ্দিনের বাড়ির পাশে গতকাল বেলা দুইটার দিকে বাড়ির দক্ষিণে একটি শপিং ব্যাগ দেখতে পান। পরে হেলাল উদ্দিন ব্যাগটি খুলে টেপে মোড়ানো শ খানেক ছোট মার্বেলের মতো বস্তু, বারুদভরা কয়েকটি প্যাকেট ও কিছু কাচের টুকরা দেখতে পান। তিনি ঘটনাটি থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শপিং ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।  শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন-উল কাদির জানান, উদ্ধার করা বস্তুগুলো চকলেট বোমা নয়। এগুলো একধরনের বাজি বা পটকা। পুলিশ ঘটনাস্থল থেকে এ-জাতীয় ৫৯ পিস বাজি উদ্ধার করেছে।