শপিং মলে কড়া নিরাপত্তা, ক্রেতা কম
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ার ঈদগাহে হামলার পর থেকে রাজধানীর বিপণিবিতানগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া, ইস্টার্ন মল্লিকা, মাল্টিপ্ল্যান সেন্টার, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটিসহ বড় শপিং মলগুলোতে নিরাপত্তারক্ষীরা সতর্ক অবস্থায় আছেন। পুলিশি টহল আরও বাড়ানো হয়েছে।
ইস্টার্ন মল্লিকা, মাল্টিপ্ল্যান সেন্টার, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজায় ক্রেতাদের সমাগম খুব কম দেখা গেছে। ইস্টার্ন প্লাজার প্রবেশমুখে আর্চওয়েতে ঢোকার আগেই পুরুষদের মেটাল ডিটেক্টর ছাড়াও হাত দিয়ে শরীর তল্লাশি করছেন নিরাপত্তারক্ষীরা। এরপর তাঁরা আর্চওয়ের ভেতর দিয়ে যাচ্ছেন। এখানকার এক দোকানি মো. লিটন বলেন, দুদিন আগে পত্রিকায় খবরে ঢাকার কয়েকটি বড় বিপণিবিতানে হামলা হতে পারে বলে বলা হলো। সে কারণে গত কয়েক দিন ক্রেতারা আতঙ্কিত হয়ে আছেন। কেনাকাটায় কম আসছেন বলে বিক্রিও কম হচ্ছে।
এখানে উপহার কিনতে আসা সামিহা ও রিবা বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে হামলার কথা শুনেছি। তবে খুব জরুরি ছিল একটি উপহার কেনা। তাই না এসে পারিনি।’
একই অবস্থা দেখা যায় ইস্টার্ন মল্লিকা, মোতালেব প্লাজা, সুবাস্তু আর্কেড প্লাজায়। ইস্টার্ন প্লাজার কেএফসি রেস্তোরাঁয় দুজন ক্রেতাকে বসে থাকতে দেখা গেছে। হাতিরপুলের খাবারের দোকান শর্মা হাউসের প্রবেশমুখে বসেছে আর্চওয়ে। তবে এভাবে রেস্তোরাঁয় ঢুকতে আপত্তি করেননি কেউ। তাঁরা মনে করছেন, নিরাপত্তার খাতিরে এগুলো হতেই পারে।
বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের গেটটি বন্ধ রাখা হয়েছে। সামনের দিকে প্রবেশপথে ক্রেতারা চারটি লম্বা লাইন করে ঢুকছেন। লাইনে দাঁড়ানো নারী চপল বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমরা সাধারণ জনগণ ঠিকই নিরাপত্তার স্বার্থে নেওয়া ব্যবস্থা মেনে চলছি। কিন্তু যারা ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের তো আগে থেকে ধরতে পারছে না সরকার। তারা ঠিকই ঘটনা ঘটিয়ে চলছে।’
বসুন্ধরা সিটিতে ঢুকতে গেলে আগে কেবল আর্চওয়ের মধ্য দিয়ে যেতে হতো। এখন পুরুষের গায়ে তল্লাশি করা হচ্ছে আর নারীদের হাতব্যাগ বা ভ্যানিটি ব্যাগ প্রতিটি খুলে প্রত্যেক অংশ তল্লাশি করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুরুষ ও নারী কর্মীরা। বসুন্ধরা সিটির এক দোকানি বলেন, মার্কেট কর্তৃপক্ষ প্রত্যেক দোকানমালিক ও কর্মচারীকে পরিচয়পত্র বহন করতে বলেছে।
রাজধানীর সবচেয়ে পুরোনো বিপণিবিতান নিউমার্কেট ও গাউসিয়ায় গিয়ে দেখা যায়, ক্রেতার সংখ্যা এখানে তুলনামূলক বেশি। তবে এসব মার্কেটে ঢোকার পথও বেশ কটি। কোনোটাতেই আর্চওয়ে নেই। নিউমার্কেটের ১ নম্বর গেটে কিছু নিরাপত্তারক্ষী এবং প্রবেশমুখের একটু দূরে একটি পুলিশের গাড়ি ছিল।
দোকানি আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা মার্কেটের একটু ভেতরে আছি। এ কারণে নিরাপত্তা নিয়ে এখনে সমস্যা নেই। তবে মার্কেট কর্তৃপক্ষ দোকানমালিক ও কর্মচারীদের পরিচয়পত্র বহন করতে বলেছে।’ তিনি বলেন, নিউমার্কেটে অনেক ভাসমান দোকানি ও হকার আছেন। তাঁদের বিষয়েও ভাবা দরকার।
নিউমার্কেটে কেনাকাটা করতে আসা শাফায়েত ও মুনমুন দম্পতি বললেন, এখানে আলাদা কোনো নিরাপত্তা দেখছেন না। বড় শপিং মলগুলোর মতো এখানেও নিরাপত্তা ঝুঁকি আছে। শাফায়েত বলেন, ‘আমি একটা ব্যাগ বহন করছি। এটা তল্লাশি হয়নি। ব্যাগে কী আছে, তা কি কেউ জানে?’
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক বলেন, নিউমার্কেটের নিরাপত্তায় সব সময় ৩০ জন নিরাপত্তারক্ষী কাজ করছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাত্রিকালীন নিরাপত্তা দিচ্ছে। তিনি প্রশ্ন করেন, মেটাল ডিটেক্টর বা আর্চওয়েতে ঠিক কী কারণে শব্দ হয়, তা কি চেক করা হয়? তিনি মনে করেন, নিউমার্কেটে বসুন্ধরা সিটির মতো নিরাপত্তাব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
নিউমার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম মোবাইলে বলেন, ‘সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ৬৪টি ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি করছি। এ ছাড়া নিউমার্কেটের ভেতর একটি পাগলা ঘণ্টা আছে, প্রয়োজনে আমার তা বাজাব। কাছেই আছে থানা, নিরাপত্তা নিয়ে যেকোনো সহযোগিতা আমরা পাচ্ছি।’
নিউমার্কেটের স্বর্ণের দোকানগুলোতে কর্মরত ব্যক্তিরা বলেন, কর্তৃপক্ষের নেওয়া নিরাপত্তাব্যবস্থায় তাঁরা সন্তুষ্ট। ক্রেতা আনিকা আজাদ বলেন, ‘হামলার গুজব শুনেছি। কিন্তু নিউমার্কেটকে অনিরাপদ মনে হচ্ছে না। এত আতঙ্কে থাকলে নন্দলালের মতো বাসায় বসে থাকতে হবে।’