শফিউদ্দিন আহমেদের ইন্তেকাল

শফিউদ্দিন আহমেদ (নান্টু) ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় বেলা তিনটায় চিকিৎসাধীন অবস্থায় কাইজার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৭৭ সালে তৎকালীন আর্ট কলেজ (বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং-এর ওপর ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন। আর্ট কলেজে অধ্যয়নকালে তিনি থিয়েটার নাট্যগোষ্ঠীসহ বেশ কিছু থিয়েটার ও নাট্যদলের সঙ্গে সংযুক্ত থেকে মঞ্চ নাটকের প্রসার বিস্তারে ভূমিকা রাখেন। তারপর তিনি কর্মসূত্রে দীর্ঘদিন প্রবাসে বসবাস শুরু করেন এবং সেখানেই স্থায়ীভাবে থেকে যান।
প্রবাসে অবস্থানকালে দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শফিউদ্দিন আহমেদ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ভগ্নিপতি। বিজ্ঞপ্তি।