শফিউল আলম প্রধান মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার সকাল সাতটার দিকে রাজধানীর আসাদগেটের বাসায় তাঁর মৃত্যু হয়। দুদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এর আগে একাধিকবার তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

বিএনপি জোটের আরেক শরিক দল বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গতকাল বাদ জোহর আসাদগেটে প্রয়াত এই নেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় পঞ্চগড়ে গ্রামের বাড়িতে। সেখান থেকে মরদেহ আবার ঢাকায় আনা হবে। আজ সোমবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানের মৃত্যুতে শোক জানিয়েছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন প্রধান। ১৯৭৩-৭৪ সালে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন।