শফিউল হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, অধ্যাপক শফিউল ইসলাম হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। তিনি আশা করছেন, খুব শিগগির এ ঘটনায় ইতিবাচক তথ্য পাওয়া যাবে।
গতকাল শনিবার রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৪তম বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন আইজি। ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজের বাসার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে প্রথম দফায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের আবারও রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে আদালতে। আজ রোববার সেই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
আইজি সাংবাদিকদের আরও বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ নিয়ে কাজ করছেন। আশা করছেন, অধ্যাপক শফিউল হত্যার দায় স্বীকার করে যারা ফেসবুকে পেজ খুলেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
একাডেমির প্যারেড মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত উপপরিদর্শকদের অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক দেন আইজি। এবার এক হাজার ৩২১ জন বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক তাঁদের এক বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষ করেছেন। অনুষ্ঠানে পুলিশ একাডেমির অধ্যক্ষ নাইম আহম্মেদ, উপাধ্যক্ষ সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন: অধ্যাপক শফিউলকে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যাপক শফিউল মুক্তিযুদ্ধের সপক্ষের। তিনি প্রগতিশীল ও মুক্ত দর্শনের চর্চা করতেন। এ কারণে জামায়াত-শিবিরের দোসররা তাঁকে হত্যা করেছে।
সংগঠনের সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক সুলতান-উল-ইসলাম, অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক আবুল কাশেম, সংগঠনের সহ-সম্পাদক শাহিন আলম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান চঞ্চল প্রমুখ।