রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও তদন্তকাজে অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ। এ অবস্থায় গত মঙ্গলবার রাতে মামলাটি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, মঙ্গলবার রাতে মামলাটি তাঁরা হাতে পেয়েছেন। পরিদর্শক আবদুল মজিদকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, তাঁদের কাছে কয়েকটি সূত্র রয়েছে। সেই সূত্র ধরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৫ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।
পুলিশ জানায়, ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১১ জনকে আটক করে রিমান্ডে নেয়। ২৩ নভেম্বর এ ঘটনায় ছয়জনকে আটক করে র্যাব। তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করে ঢাকায় সংবাদ সম্মেলন করে র্যাব। এরপর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ নভেম্বর আদালতে হাজির করা হলে তাঁরা জবানবিন্দ দিতে অস্বীকৃতি জানান। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, র্যাবের ওই দাবিকে সামনে রেখেই তারা তদন্ত করছে। কিন্তু এরপর দুই মাস পেরিয়ে গেলেও মামলাটি তদন্তে অগ্রগতি নেই। হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠা জেলা যুবদলের এক নেতাকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
শফিউল ইসলামের ছেলে সৌমিন শাহরিদ বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু যেন থমকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে কিন্তু মামলা নিয়ে তাদের কেনো তৎপরতা বা তদারকি আমি দেখছি না। আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে। মামলার দুজন আসামি পলাতক রয়েছে। তাদেরও হদিস করতে পারছে না পুলিশ।’ সৌমিন বলেন, ‘মাকে হারিয়েছি অনেক আগেই। বাবাকে হারিয়ে এখন বেঁচে আছি তাঁর হত্যাকারীদের বিচার দেখব বলে। কিন্তু যে অবস্থা তাতে সেটা দেখতে পারব কি না, জানি না।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে বলেন, ‘মামলার তদন্তকাজ ধীরগতিতে চলছে বলেই আমাদের মনে হয়। হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবিতে আমরা আন্দোলন করে আসছি। শিগগিরই শিক্ষক সমিতি আবারও আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।’