রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে আগামী শনিবার দুই ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে গতকাল বুধবার দুপুরে বলেন, ওই দাবিতে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে শিক্ষক সমিতি। ওই সময়ে যদি কোনো পরীক্ষা থেকে থাকে, তবে তা কর্মসূচির আওতামুক্ত থাকবে। তিনি বলেন, হত্যাকাণ্ডটি নিয়ে তাঁরা এখনো অন্ধকারে রয়েছেন।
গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় শিক্ষক শফিউল ইসলামকে তাঁর বাসার সামনে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শফিউল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। একই সন্দেহে ২৩ নভেম্বর ছয়জনকে আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁরা র্যাবের কাছে খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে দাবি করে র্যাব। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ নভেম্বর আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। র্যাবের ওই দাবিকে সামনে রেখেই তদন্ত করছে পুলিশ। কিন্তু পুলিশ এখনো হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করতে পারেনি।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পুলিশের তদন্তকাজ এগিয়ে চলছে। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এর তদন্তকাজ শেষ হতে কিছুটা সময় লাগবে। সন্দেহভাজন দুজন এখনো পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।