শফিউল হত্যায় র্যাবের তথ্য ধরে এগোবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব যে তথ্য প্রচার করেছে, তা সামনে রেখেই পুলিশ তদন্ত করবে।

আজ বুধবার রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে নতুন পুলিশ কমিশনারের পরিচিতি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন এ কথা বলেন।
শফিউল ইসলাম হত্যাকাণ্ডের পরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমানকে ঢাকায় বদলি করা হয়। নতুন কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন ২০ নভেম্বর রাজশাহীতে যোগ দেন।
আজ দুপুরে মহানগর পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে তাঁর পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় মহানগর পুলিশের পরিদর্শক থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সাংবাদিকেরা শফিউল ইসলাম হত্যা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, গত সোমবার যে অগ্রগতির কথা বলা হয়েছে, সেটাই সর্বশেষ অগ্রগতি।
মামলার অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘আপনারা টিভিতে দেখেছেন না! র‌্যাব উপস্থাপন করেছে। টিভিতে প্রচার হয়েছে। এটা ধরেই আমরা এগোচ্ছি। তবে তদন্তে আরও একাধিক অ্যাঙ্গেলও ফেলে দিচ্ছি না।’
এর আগে পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন র‌্যাবের দাবির বিষয়ে ভিন্নমত প্রকাশ করেন। গত সোমবার তিনি এক সংবাদ সম্মেলেন বলেছিলেন, ‘এখনই বলা যাবে না যে তারা (র‌্যাব) যা বলেছে, সেটাই শতভাগ সঠিক।’ কোনো নারীর সঙ্গে অধ্যাপক অসৌজন্যমূলক আচরণ করেছিলেন কি না, জানতে চাইলে কমিশনার বলেন, ‘আমরা এখনো ওই নারীর কোনো হদিস পাইনি।’
গত রোববার এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানায়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক নারীর সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার হয়েছেন।

এ দিকে গত সোমবার র‌্যাবের হাতে আটক যুবদল নেতাসহ ছয় আসামি ঢাকায় সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের ব্যাপারে নিজেদের জড়িয়ে বক্তব্য দেন। ওই দিন রাতেই তাঁদের রাজশাহীতে পাঠানো হয়। গতকাল তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হলেও হত্যাকাণ্ডের ব্যাপারে তাঁরা কোনো স্বীকারোক্তি দেননি। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে র‌্যাব-৫ আজ দুপুরে রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, আজ ভোর পাঁচটার দিকে নগরের রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তারা একটি অটোরিকশা উদ্ধার করেছে।
রাজশাহী র‌্যাবের উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম বলেন, এই ব্যাটারিচালিত অটোরিকশা র‌্যাবের হাতে গ্রেপ্তার টোকাই বাবুর। হত্যাকাণ্ডের আগে এই অটোরিকশায় সবুজ অস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। হত্যাকাণ্ডের সময় অটোরিকশাটি ঘটনাস্থলের আশপাশে রাখা হয়। পরে খুনিদের কয়েকজন অস্ত্র নিয়ে এই অটোরিকশায় পালিয়ে যায়।