ডেসটিনির অর্থ পাচারের অভিযোগে করা এক মামলায় ‘ইসলাম ট্রেডিং ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী শফিউল ইসলামের জামিন আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। সেই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান মামলা পরিচালনা করেন।
আদেশের বিষয়টি জানিয়ে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, শফিউল ইসলামের নাম মামলার এজাহারে নেই। তবে দুদকের তদন্তকারী কর্মকর্তার এক প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে উৎস গোপন করে চার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। এটা তদন্তের অপেক্ষায় রয়েছে।
আদালত সূত্র জানায়, ওই মামলায় গত ১২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান শফিউল। পরদিন তিনি কারাগার থেকে মুক্তি পান। এ আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
জানা যায়, গত বছরের ৩১ জুলাই কলাবাগান থানায় ডেসটিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২৪ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করে দুদক। মামলার তদন্তের একপর্যায়ে চলতি বছরের ৩ জুন শফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।