শফিক ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হোটেল অনুরাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান খুনের মামলায় সিডি-ডিভিডি ব্যবসায়ী শফিকুর রহমান ওরফে শফিক (৩২) ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গতকাল সোমবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম প্রথম আলোকে জানান, অভিযোগপত্রটি দাখিল করার পর তা নথিভুক্ত হয়েছে। আজ মঙ্গলবার অভিযোগপত্র আদালতে উপস্থাপন করে শুনানি হতে পারে।এসআই আবদুল আলিম বলেন, অভিযোগপত্রে শফিক ছাড়াও তাঁর দুই সহযোগী ঢাকার লালবাগ এলাকার ললিতমোহন দাস লেনের সুমন ওরফে মামা সুমন (৩০) ও খোকনকে (৩০) অভিযুক্ত করা হয়েছে।খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া সিলেট নগরের প্রসাধনসামগ্রী ব্যবসায়ী শেখ আকাশ আহমদ ওরফে বুলবুলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। সিলেট নগরের ঐতিহ্যবাহী আবাসিক হোটেল অনুরাগের এমডি আতিকুর রহমান গত ২৯ নভেম্বর নিজের হোটেলের একটি কক্ষে খুন হন। ওই কক্ষ বরাদ্দ ছিল শফিকের নামে। ঘটনার পর থেকে শফিক পলাতক ছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে র‌্যাব তাঁকে আটক করে। পুলিশ তাঁকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। ১৫ ফেব্রুয়ারি শফিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খুনের বর্ণনা দেন।অভিযোগপত্রে খুনের ঘটনায় জব্দ করা ২১টি আলামত, পুলিশ, ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ৩১ জনের সাক্ষ্য রাখা হয়েছে। ছয় পৃষ্ঠার অভিযোগপত্রে খুনের কারণ ভারতীয় সিডি ও ভিসিডি ব্যবসা বলে উল্লেখ করা হয়।অভিযোগপত্রে বলা হয়, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আতিকুর রহমান তাঁর বাবার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। তিনি শখের বশে ভারতীয় সিডি ও ভিসিডির পাইরেটেড কপি সংগ্রহ করতেন। কিন্তু তিনি এসব ব্যবসা করতেন না। শফিক অবৈধ এই ব্যবসা করতেন। এই সুবাদে শফিকের সঙ্গে আতিকুরের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। তখন শফিক যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে সিডি ও ডিভিডি ব্যবসা শুরু করার জন্য আতিকুরকে প্রলুব্ধ করেন। এ উদ্দেশ্যে গত বছরের অক্টোবর মাসে শফিক ভারত থেকে ৫২টি ডিভিডি ও সিডি নিয়ে আসেন। এগুলোর প্রতিটির মূল্য ভারতীয় এক হাজার রুপি। কিন্তু এসব সিডি-ডিভিডি কিনতে আতিকুর রাজি হননি।শফিক ক্ষুব্ধ হয়ে ঢাকায় গিয়ে ২৫টি সিডি-ডিভিডি বিক্রি করেন। বাকি ২৭টি নিয়ে গত বছরের ২৮ নভেম্বর সিলেটে এসে হোটেল অনুরাগের ৩২২ নম্বর কক্ষে ওঠেন। পরদিন ২৯ নভেম্বর ঢাকা থেকে সুমন ও খোকন নামের দুজনকে খবর দিয়ে সিলেট নিয়ে আসেন শফিক। ওই দিন দুপুরে আতিককে ৩২২ নম্বর কক্ষে ডেকে নিয়ে সিডি-ডিভিডি কেনার জন্য চাপ দেন শফিক। এ নিয়ে তর্কের একপর্যায়ে শফিকসহ তিনজন রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে আতিককে হত্যা করেন।