শফিক রেহমান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাংবাদিক শফিক রেহমানকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল ডিবি পুলিশ দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে শফিক রেহমানকে আদালতে হাজির করে। গতকাল তাঁকে নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। আইনজীবীরা তাঁর জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলাম জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল আদালতে শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আদালতে আবেদন জানান। আদালত শফিক রেহমানকে তাঁর স্ত্রীর সঙ্গে ১৫ মিনিট সাক্ষাৎ করার সময় দেন।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। গত ১৬ এপ্রিল ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে আটক করে পুলিশ। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানা-পুলিশ। এরপর দুই দফায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এই মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।