
সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কোনো ষড়যন্ত্রে শফিক রেহমান জড়িত ছিলেন না। জয় সম্পর্কে ‘আর্থিক তথ্য ফাঁসের গুজব’ কতটা সত্যি, সেটি অনুসন্ধান করতে কয়েক বছর আগে তিনি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন।
গতকাল সোমবার ইস্কাটনে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তালেয়া রেহমান এসব কথা বলেন। তিনি দাবি করেন, এর সঙ্গে জয়কে অপহরণ কিংবা হত্যার পরিকল্পনার কোনো সম্পর্ক ছিল না। তিনি বলেন, ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্র’-সংক্রান্ত অভিযোগ মার্কিন আদালতে খারিজ হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ সম্পর্কে তথ্য সংগ্রহ হয়েছে—এমনটা শফিক রেহমান জানতেন কিনা? জবাবে তালেয়া রেহমান বলেন, ‘এই কারণে উনি আমেরিকা যাচ্ছেন, এইটুকু আমি শুনেছিলাম। সেটা অনেক আগের ব্যাপার।’ তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিক হিসেবে নিবন্ধ লেখার জন্য শফিক রেহমান ২০১২ সালের দিকে যুক্তরাষ্ট্রে গিয়ে তথ্য সংগ্রহ করেছিলেন। একই কারণে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে এফবিআইয়ের সাবেক এজেন্ট রবার্ট লাস্টিকের সঙ্গে সাক্ষাৎ করেন।
তালেয়া রেহমান বলেন, জয় সম্পর্কে তথ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিএনপির এক নেতার ছেলে রিজভী আহমেদ এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিককে ঘুষ দিয়েছিল। বিষয়টি ওই দেশের আদালতে প্রমাণিত হওয়ায় রবার্ট লাস্টিকের সাজা হয়।
এক প্রশ্নের জবাবে তালেয়া রেহমান বলেন, ‘নথি পাওয়া গেছে সেটা ঠিক। বাসায় এসেছিলেন ওনারা (পুলিশ)। উনি (শফিক রেহমান) অত্যন্ত গোছানো মানুষ। যত লেখা লিখেছেন, সে সম্পর্কে তথ্য তিনি ফাইল করে রেখেছেন, এটাও ফাইল করা ছিল। এটা তিনি ওঁদের দিয়েছেন।’
তালেয়া রেহমান অভিযোগ করেন, ‘শফিক রেহমানকে গ্রেপ্তারের পর প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পেজে একের পর এক মিথ্যা স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, যা একদিকে শফিক রেহমানের মানহানি ঘটাচ্ছে, অন্যদিকে মামলার তদন্তকাজকে প্রভাবিত করছে।’
তালেয়া রেহমান বলেন, ‘আমি আরও বেশি শঙ্কিত যে তাদের বক্তব্য সত্য প্রমাণের জন্য শফিক রেহমানের মুখ দিয়ে তা বলাতে রিমান্ডের দ্বিতীয় দফায় তাঁর ওপর আরও অধিক অমানবিক নির্যাতন করা হবে কি না।’
শফিক রেহমানকে দেশপ্রেমিক সাংবাদিক উল্লেখ করে তাঁর বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহার, রিমান্ড বাতিল ও মুক্তির জন্য প্রধানমন্ত্রীসহ সবার প্রতি আহ্বান জানান তালেয়া রেহমান। তিনি বলেন, শফিক রেহমান গুরুতর অসুস্থ। এটি জানানোর পরও গ্রেপ্তারের পর থেকে তাঁকে ডাক্তারি পরীক্ষা করানো হয়নি। বয়স, অসুস্থতা ও রিমান্ডে নির্যাতনের ফলে তাঁর জীবনহানির আশঙ্কা করছেন।
তালেয়া রেহমান বলেন, আমেরিকার আদালতে মামলাটি এক বছরেরও আগে নিষ্পত্তি হয়ে গেছে। সেই মামলার সূত্র ধরে শফিক রেহমানের মতো একজন প্রবীণ সাংবাদিককে গ্রেপ্তার ও রিমান্ড শুধু অমানবিকই নয়, অসভ্যতাও। তিনি দাবি করেন, প্রথম দফা রিমান্ডের পর আদালতে শফিক রেহমানের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, জোর করে তাঁর কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হতে পারে। আদালতে শফিক রেহমানকে বিষণ্ন ও ক্লান্ত দেখাচ্ছিল। মশার কামড়ে তিনি ঘুমাতে পারেননি। তাঁর হাতের কয়েক জায়গায় ক্ষতচিহ্ন দেখা গেছে। তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছে বলে অনুমান করছেন তালেয়া রেহমান।