শফিক রেহমান ঘুষ দিয়ে এফবিআইয়ের নথি কেনেন: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস।
সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক এজেন্ট রবার্ট লাস্টিকের সঙ্গে সাংবাদিক শফিক রেহমানের সরাসরি যোগাযোগ ছিল। শফিক রেহমান মার্কিন নাগরিক না হয়েও ঘুষের মাধ্যমে এফবিআইয়ের গোপন নথি কিনেছেন। যুক্তরাষ্ট্রে এটা গুপ্তচরবৃত্তি এবং এর শাস্তি যুক্তরাষ্ট্রের কোনো দুর্ভেদ্য জেলে আজীবন কারাবাস।

গতকাল শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। গত শনিবার (১৬ এপ্রিল) ডিবি পুলিশ শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানা-পুলিশ। ওই মামলা তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত বৃহস্পতিবার তাঁর পাঁচ দিনের রিমান্ড শেষ হয়। এরপর গতকাল শফিক রেহমান দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

ফেসবুকে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপি এবং আমাদের “সুশীল সমাজ”-এর একটি অংশ সাংবাদিক শফিক রেহমানের সাফাই গাইতে ব্যস্ত রয়েছেন। তাই, আমি এ বিষয়ে কিছু নিরেট বাস্তবতা তুলে ধরছি। যুক্তরাষ্ট্রের আদালতের রেকর্ড অনুযায়ী, অভিযুক্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিক টেক্সট ম্যাসেজে লিখেছে যে রিজভী আহমেদ সিজার আমাকে “অফ” করতে চায়। মেরে ফেলার অর্থে স্ল্যাং হিসেবে আমেরিকায় এই শব্দটা ব্যবহার করা হয়। তাই, সিজার আহমেদ তার ষড়যন্ত্রের সহযোগীকে বলেছে, সে আমাকে হত্যা করতে চায়, আর সেটা সে গ্রেপ্তার হওয়ার অনেক আগেই।’

ফেসবুকে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘গ্রেপ্তার হওয়ার পর তাকে (রিজভী আহমেদ সিজার) জেরার দায়িত্বে থাকা এজেন্টদেরও সে একই কথা জানিয়েছে। ট্রায়ালের মাধ্যমে রিজভী আহমেদ সিজার দোষী সাব্যস্ত হয়নি। সে অপেক্ষাকৃত লঘু অপরাধে দোষী বলে নিজেই স্বীকারোক্তি দিয়েছে, যা গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধীরা মামলা হেরে যাওয়া ও দীর্ঘ কারাবাস এড়াতে করে থাকে। হত্যা প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তার দীর্ঘ সময় জেল খাটার সম্ভাবনা থাকলেও সেই স্বীকারোক্তির মাধ্যমে সে কারাবাসের মেয়াদ কমিয়েছে।’

ফেসবুকে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘রবার্ট লাস্টিকের সঙ্গে শফিক রেহমানের সরাসরি যোগাযোগ ছিল। যদি তথ্য জোগাড় করার জন্য কোনো সাংবাদিক অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয় নেয়, সে ক্ষেত্রে সেটা অপরাধ। এটা যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধ, তাই যুক্তরাষ্ট্রেও শফিক রেহমানের বিচার হতে পারে। সবশেষে জানাতে চাই, শফিক রেহমান মার্কিন নাগরিক না হয়েও ঘুষের মাধ্যমে এফবিআইয়ের গোপন নথি কিনেছেন। যুক্তরাষ্ট্রে এটা গুপ্তচরবৃত্তি এবং এর শাস্তি কোনো দুর্ভেদ্য যুক্তরাষ্ট্রীয় জেলে আজীবন কারাবাস।’