
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় পাসপোর্ট জমা রাখার শর্তে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান জামিন পেয়েছেন। তিন মাস বা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত, এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তাঁকে জামিন দিয়েছেন সর্বোচ্চ আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে শফিক রেহমানের করা আপিল মঞ্জুর করে গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ পর্যবেক্ষণসহ এই আদেশ দেন। ওই মামলায় জামিন হওয়ায় শফিক রেহমানের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়ে সংশ্লিষ্ট এক আইনজীবী বলেন, শফিক রেহমানের স্বাস্থ্যগত দিক বিবেচনায় নিয়ে আদালত জামিন দেন।
এর আগে ৭ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শফিক রেহমানের জামিনের আবেদন খারিজ করেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন তিনি। ১৭ জুলাই আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে শফিক রেহমানের চিকিৎসার জন্য যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সজীব ওয়াজেদকে যুক্তরাষ্ট্রে ‘অপহরণের লক্ষ্যে’ তাঁর সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় ওখানকার আদালতে গত বছর প্রবাসী এক বিএনপির নেতার ছেলের কারাদণ্ড হয়। ওই রায়কে কেন্দ্র করে ঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।