শফিক রেহমান জামিনে মুক্ত, বারডেমে ভর্তি
জামিনে মুক্তি পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। গতকাল মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। পরে তিনি চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলায় গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৩১ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শফিক রেহমানের আপিল মঞ্জুর করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন, গত সোমবার রাতে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাইবাছাই শেষে মঙ্গলবার দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। কারা ফটকে স্ত্রী তালেয়া রেহমানসহ স্বজনেরা ফুল দিয়ে শফিক রেহমানকে শুভেচ্ছা জানান। এরপর বেলা সাড়ে তিনটার দিকে তিনি বারডেম হাসপাতালে ভর্তি হন। দায়িত্বরত চিকিৎসক মো. সাইফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিক রেহমান সম্পাদিত পত্রিকা মৌচাকে ঢিল-এর সহকারী সম্পাদক সজীব ওনাসিস জানান, শফিক রেহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। তাঁর হৃদ্রোগও আছে। বরাবরই তিনি বারডেম হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছেন। সে কারণে তাঁকে বারডেমে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর তাঁর ইসিজি হয়েছে। আজ (বুধবার) অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে।
জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। সেই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হন।