শফিক রেহমানকে মুক্তি দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে আটক রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন দেশের ২৬টি সংগঠন। আইনমন্ত্রী আনিসুল হককে পাঠানো সংগঠনগুলোর যৌথ স্বাক্ষরিত একটি চিঠিতে এ আহ্বান জানানো হয়।
সংগঠনগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ইনডেক্স অন সেন্সরশিপ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস, রিপোর্টার্স উইদাউট বর্ডারস ও রিপ্রাইভ। চিঠি তৈরিতে সমন্বয়ের ভূমিকা রাখা রিপ্রাইভ আশঙ্কা প্রকাশ করে বলেছে, শফিক রেহমানকে এমন অভিযোগেও অভিযুক্ত করা হতে পারে, যার সাজা মৃত্যুদণ্ড।
শফিক রেহমানের আটকের ঘটনায় এ মাসের শেষ দিকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানাবেন। এটি সামনে রেখে সংগঠনগুলো ওই আহ্বান জানাল। মৌচাকে ঢিল পত্রিকার সম্পাদক শফিক রেহমানকে ১৬ এপ্রিল গ্রেপ্তার করা হয়। রিপ্রাইভ বলেছে, ‘শফিক রেহমান একজন পেশাদার সাংবাদিক। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে জীবনভর কাজ করেছেন তিনি। তাঁকে গ্রেপ্তারের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।’ তাঁর অবনতিশীল শারীরিক অবস্থার কথা তুলে ধরে রিপ্রাইভের অন্যতম উপপরিচালক হ্যারিয়েট ম্যাককালক আইনমন্ত্রীর প্রতি তাঁকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগে সাড়া দেওয়ার আহ্বান জানান।