শফিক রেহমানকে লন্ডনে যেতে বাধা, আজ যেতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক শফিক রেহমান গতকাল বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন তাঁর স্ত্রীকে দেখতে যেতে পারেননি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে আজ শুক্রবার সকালে তিনি টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে লন্ডনে যাবেন বলে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে নিশ্চিত করেছেন সাংবাদিক শফিক রেহমান।
অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কাগজপত্র যাচাই-বাছাইয়ে দেরি হওয়ায় সাংবাদিক শফিক রেহমান বৃহস্পতিবার সকাল সাতটায় তাঁর জন্য নির্ধারিত উড়োজাহাজে লন্ডনে যেতে পারেনি। তবে এখন তাঁর লন্ডনে যেতে আর কোনো বাধা নেই। তিনি যখনই যেতে চাইবেন, তখনই যেতে পারবেন।
শফিক রেহমান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তাদের আশ্বাস পাওয়ার পর লন্ডনে যাওয়ার জন্য আজ সকাল সাতটায় টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজের একটি টিকিট কিনেছেন। আজ সকালে তিনি লন্ডনে যেতে পারবেন বলে আশা করছেন। তিনি বলেন, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রীর (তালেয়া রেহমান) বোনম্যারোর পরীক্ষা হবে। তাঁর পাশে থাকার জন্য তিনি লন্ডনে যাচ্ছেন।