শফিক রেহমানকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে জানতে যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে তলব করেছেন হাইকোর্ট। ২২ মে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।‘রাস্তাকে প্লট বানিয়ে ভাগাভাগি’ এবং ‘সড়ক প্রকল্প রাতারাতি হয়ে গেল শিল্প প্লট’ শিরোনামে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা আদালতের নজরে আনা হলে ৯ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পাশাপাশি ব্যাখ্যা জানতে বিএনপির নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক ও তাঁর ছেলে জয় এবং প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম ও তাঁর স্ত্রী নাজমা ইসলামকে গতকাল আদালতে হাজির হতে বলা হয়।এ ছাড়া রাজউকের চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সমকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানকে আসতে বলা হয়। নির্দেশ অনুযায়ী, গতকাল সকালে তাঁরা আদালতে হাজির হন। দুপুরের পর শুনানি হয়। আদালত ২২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।আদালতে আবু সাঈদ খান বলেন, ‘এ বিষয়ে আমি একটি উপসম্পাদকীয় লিখেছি। জনগণের সম্পত্তি এভাবে বরাদ্দ দেওয়া যায় না।’ রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, তেজগাঁও শিল্প এলাকার ওই জমি রাজউক বরাদ্দ দেয়নি, এটা রাজউকের এখতিয়ারভুক্ত নয়। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা জানান, সংবাদপত্রে বিজ্ঞাপন ছাড়াই শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়। আদালত এ পর্যায়ে বিস্ময় প্রকাশ করেন। পরে বক্তব্য দেন কামরুল ইসলাম ও জিয়াউল হক। ঢাকায় সাবেক দুই প্রতিমন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে কয়টি প্লট বরাদ্দ আছে, তা লিখিতভাবে জমা দিতে বলেন আদালত।শুনানির একপর্যায়ে রাজউকের আইনজীবী বলেন, তেজগাঁও শিল্প এলাকায় শফিক রেহমানের ছেলেও প্লট পেয়েছিলেন। এ বিষয়ে জানতে আদালত তাঁকেও তলব করেন।