শফিক রেহমানের আবার রিমান্ড চাইবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পুলিশ আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠাবে। গত শনিবার ইস্কাটন গার্ডেনের বাসভবন থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার তাঁর পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘রিমান্ডে শফিক রেহমান প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা স্বীকার করাসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।’
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, ষড়যন্ত্রের নির্দেশদাতাদের নাম জানতে ও ষড়যন্ত্রের ঘটনাস্থল সম্পর্কে বিবরণ জানতে আজ সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হচ্ছে।
শফিক রেহমানের আইনজীবী আসাদুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শফিক রেহমানকে আদালতে হাজির করা হলে তাঁর জামিনের আবেদন করা হবে। পুলিশ আবার তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করলে তা নামঞ্জুর করার আবেদন করা হবে। তিনি বলেন, ‘আমি মনে করি না এই মামলায় যথেষ্ট উপাদান আছে।’
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। গত শনিবার ডিবি পুলিশ শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানা-পুলিশ। বিএনপি এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তাঁর মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আসছে।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যা ও ষড়যন্ত্রে শফিক কোনোভাবেই জড়িত নয়। ৮২ বছর বয়সী এই ব্যক্তির পক্ষে মানুষ মারার চক্রান্ত করা অসম্ভব। পুলিশ এসব বানিয়ে বলছে।’