শফিক রেহমানের জামিন মঞ্জুর

প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান জামিন পেয়েছেন। তিন মাস বা মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত এই জামিন মঞ্জুর করেন দেশের সর্বোচ্চ আদালত। এতে তাঁর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শফিক রেহমানের আপিল মঞ্জুর করে পর্যবেক্ষণসহ এ আদেশ দেন।
গত ৭ জুন হাইকোর্ট তাঁর জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন। এই আদেশের বিরুদ্ধে শফিক রেহমান জামিন চেয়ে লিভ টু আপিল করেন। গত ১৭ জুলাই আপিলের অনুমতি দেন আদালত। এই আপিল মঞ্জুর করে আজ আদালত এ আদেশ দেন।
গত ১৬ এপ্রিল সকাল আটটার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শফিক রেহমানকে আটক করে নিয়ে যায়।
জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। সেই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়।