শফিক রেহমানের জামিনের পরবর্তী শুনানি ১ জুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমানের করা জামিন আবেদনের শুনানির জন্য ১ জুন পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে গতকাল বৃহস্পতিবার এই জামিন আবেদনের শুনানি শুরু হয়। শফিক রেহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি ১ জুন পর্যন্ত মুলতবি করেন আদালত।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি। শফিক রেহমান ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়। এরপর তিনি নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান।