শফিক রেহমানের নিঃশর্ত মুক্তি চাইলেন স্ত্রী

গ্রেপ্তার হওয়া সাংবাদিক শফিক রেহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তাঁর স্ত্রী তালেয়া রেহমান। এ জন্য তিনি সবার সাহায্য চেয়েছেন। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শফিক রেহমানের রিমান্ড বাতিল ও মুক্তির দাবিতে আয়োজিত এক সংহতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘শফিক রেহমান মুক্তি মঞ্চ’ নামের একটি সংগঠন এর আয়োজন করে। আজ বৃহস্পতিবার শফিক রেহমানের পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের ঘটনায় দায়ের করা মামলায় গত শনিবার ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।
প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তালেয়া রেহমান বলেন, একেবারে মিথ্যা ও বানোয়াট একটি কারণে তাঁকে (শফিক রেহমান) উঠিয়ে (পরে গ্রেপ্তারের কথা বলা হয়) নেওয়া হয়েছে। যে ব্যক্তি ভালোবাসা দিবস প্রচলন করেছেন, সেই লোকের নামে হত্যার অভিযোগ উঠল। এটা হতেই পারে না। এটা একেবারেই মিথ্যা। এত বড় মিথ্যা তিনি সহ্য করতে পারছেন না।
দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে তালেয়া রেহমান বলেন, ৫৯ বছর একসঙ্গে কাটিয়েছেন। এখন পুলিশ ও সরকারি মহল থেকে যা বলা হচ্ছে, কাগজে যা আসছে, তা তাঁর ৫৯ বছরের সঙ্গে অপরিচিত। তাঁকে অপরাধীর পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।
তালেয়া রেহমান বলেন, তিনি চান না শফিক রেহমান জেলে থাকতে হোক। কারণ, তাঁর বয়স হয়েছে, অসুস্থও।
>জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের ঘটনায় দায়ের করা মামলায় আজ পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে
অনুষ্ঠানে কয়েকজন বক্তা দেশ নিয়ে শঙ্কার কথা বলেন। সে কথা উল্লেখ করে তালেয়া রেহমান বলেন, দেশ কী রূপ ধারণ করেছে, তা অনেকে বলেছেন, সেই রূপ তিনি চান না। তিনি বলেন, শফিক রেহমান কাউকে হত্যার চেষ্টা করতে পারেন, তা অসম্ভব। এর বিরুদ্ধে সবাইকে না জাগলে সবারই মরণ আছে।
একই অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই সরকার চতুর। তারা জেনে গেছে যে তাদের পায়ের নিচের মাটি অত্যন্ত নড়বড়ে হয়ে গেছে। মানুষ ফুঁসছে, কিন্তু কথা বলছে না। কিন্তু মানুষ বোকাও নয়। তিনি বলেন, জেলের শফিক রেহমানের ক্ষমতা বাইরের চেয়ে বেশিও হয়ে যেতে পারে।
রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ভূলুণ্ঠিত। তিনি বলেন, এটা শুধু শফিক রেহমান মুক্তির আন্দোলন না; এটা নিপীড়িত, নিগৃহীত যাঁরা জেলে আছেন, সবার জন্যই এই আন্দোলন।
চিকিৎসক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা হাবিবুর রহমান, আইনজীবী রুমিন ফারহানা, পারভেজ আহমেদ, সারোয়ার পারভেজ প্রমুখ।
আজ রিমান্ড শেষ হওয়ার কথা: শফিক রেহমানের চতুর্থ দিনের রিমান্ডে গতকালও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাঁর পাঁচ দিনের রিমান্ড শেষ হবে। কাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে বলে মামলার তদন্তকারীদের একজন কর্মকর্তা জানিয়েছেন।