শফিক রেহমানের বাসার সামনে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক শফিক রেহমানের রাজধানীর ইস্কাটনের বাসার সামনে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার একটি কর্মসূচিতে তাঁর বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু পায়ে ব্যথা ও ক্লান্তি অনুভব করায় খালেদা জিয়া আজ দুস্থদের মধ্যে খাবার বিতরণের ওই কর্মসূচিতে যোগ দিতে বের হননি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি চলছে। শফিক রেহমান প্রথম আলোকে বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি ৫০০ শাড়ি-লুঙ্গি দুস্থদের মধ্যে বিতরণ করতে চেয়েছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তাতে উপস্থিত থাকার কথা ছিল। গত বছরও একই কর্মসূচি পালন করা হয়েছে।

শফিক রেহমান আরও বলেন, পুলিশ গত রাতে তাঁকে ওই অনুষ্ঠান আয়োজন না করতে বলে। পরে তিনি পুলিশকে জানান, আজকের অনুষ্ঠান হচ্ছে না। তার পরও আজ সকাল আটটা থেকে দুই প্লাটুন পুলিশ তাঁর বাসার সামনে মোতায়েন করা হয়। তবে পুলিশ জানিয়েছে, নিরাপত্তার জন্য তারা এসেছে।

এ প্রসঙ্গে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখানে খালেদা জিয়ার তবররক বিতরণ করার কথা ছিল। সেসব জায়গায় খালেদা জিয়ার যাওয়ার কথা ছিল, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতেই সেখানে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়।’