শফিক হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলামের হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। এখন তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এরা সবাই পেশাদার অপরাধী। এদের কাছ থেকে আবদুল্লাহপুরে ৪০ লাখ টাকা ছিনতাইয়ে ব্যবহূত বিদেশি পিস্তল ও একটি কার উদ্ধার করা হয়েছে।গতকাল আদালতে পাঁচটি মামলায় এই নয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে শফিক হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ছয়জনকে ও বাকিদের অন্য মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহ মো. আনছার উদ্দীন প্রথম আলোকে জানান, গত রোববার পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন ঘটনায় তাদের যোগসূত্র পাওয়া যায়। পরে এদের মধ্যে মজিবর রহমান নামের একজন অস্ত্র ও ছিনতাইয়ে ব্যবহূত গাড়ির তথ্য দেয়। তার তথ্য অনুযায়ী রানাখোলা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। অস্ত্রটির রক্ষক হিসেবে মজিবর যে যুবকের নাম বলেছিল, তাকে গ্রেপ্তারের পর সে আরেকজনের নাম বলে। পরে ওই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।ওসি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এরা গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠায়। পরে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে সব কেড়ে নেয়। যে যাত্রীরা আপসে দেয় না, তাদের মারধর করে। এটিএনের ক্যামেরাম্যান শফিকের ক্ষেত্রেও এ রকম ঘটনা ঘটেছে বলে তাঁরা নিশ্চিত বলে ওসি জানান। তবে এখনো তাঁর সরাসরি হত্যাকারীদের গ্রেপ্তার করা যায়নি। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে ওই হত্যাকারীদের যোগসূত্র রয়েছে। তাদের কাছ থেকে আসল খুনিদের তথ্য পাওয়া গেছে। এখন তাদের খোঁজা হচ্ছে।ওসি আরও জানান, ৬ মে মজিবর চক্রই আবদুল্লাহপুরে গুলি করে ডেল্টা স্পিনিং মিলের ৪০ লাখ টাকা ছিনতাই করে। উদ্ধার করা পিস্তলটি ওই ছিনতাইয়ে ব্যবহার করা হয়েছিল। তখন পিস্তলের সব গুলি শেষ হয়ে যায়। এরপর তারা আর গুলি সংগ্রহ করতে পারেনি।আদালত প্রতিবেদক জানান, শফিক হত্যা মামলায় গতকাল চারজনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে তুরাগ থানার পুলিশ। একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় মজিবর রহমানসহ তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।