এক যুগ পর গতকাল শনিবার রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। সম্মেলন শেষে এ কে এম শফিকুল মোর্শেদকে সভাপতি ও হাচান আলী বিশ্বাসকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দকে পৌরসভা চত্বরে ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেল আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম।
সম্মেলন উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বার, কাজী ইরাদত আলী, গণেশ নারায়ণ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি জিল্লুল হাকিম বলেন, আওয়ামী লীগ এ দেশের সাধারণ মানুষের দল। আওয়ামী লীগ অসংখ্য মানুষের শ্রম, ঘাম ও ত্যাগের ফলে আজকের এ অবস্থায় এসেছে। সময় এসেছে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করার। অতীত কর্মকাণ্ড বিবেচনা করে গঠিত এই কমিটি দলকে আরও গতিশীল করবে বলে তিনি আশা করেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল।