শফিকুল হত্যা মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ডাদেশ
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠু (৪০) হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামি হলেন মো. সুজন, মো. রতন ও মো. রাজু। রায় ঘোষণার সময় তিন আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।রায়ে বলা হয়, আসামিরা ছিনতাই করার উদ্দেশ্যে শফিকুল ইসলামকে একটি প্রাইভেট কারে তোলেন। শফিকুলের পরিচয় জানার পর আসামিরা গলায় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করেন। আসামি রাজু, রতন ও সুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলা তদন্তকালে আরেক আসামি রাহাত পুলিশের ‘এনকাউন্টারে’ মারা যান। তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০ জন সাক্ষী উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা এই রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।২০১০ সালের ৯ মে সকাল ১০টার দিকে তুরাগ থানার রোস্তমপুর বেড়িবাঁধ সড়কের পাশের ঢাল থেকে শফিকুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ভাই রহমতুল ইসলাম তুরাগ থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই বছরের ৩১ অক্টোবর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আসামি রাহাত পুলিশের এনকাউন্টারে মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়। ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।এটিএন বাংলা থেকে জানানো হয়, শফিকুলের বাবার নাম সিরাজুল ইসলাম। তাঁদের বাসা ১৫৩২/এ কাওলা মধ্যপাড়ায়। শফিকুল ২০০৫ সাল থেকে এটিএনে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিটিভিতে কাজ করতেন।