খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত পদপ্রার্থী শফিকুল ইসলাম ১৫ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন।
শফিকুলের ১৫ দফার মধ্যে রয়েছে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, পরিকল্পনা ও পরামর্শক কমিটি গঠন, সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা, খুলনা মহানগরকে মাদকমুক্ত করা, নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করা, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নগরের সড়ক উন্নয়ন ও বর্জ্য-বৃষ্টির পানিনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, সুইমিং পুল স্থাপন, খালিশপুর শিল্পাঞ্চল পুনরুজ্জীবন ও বেকারত্ব দূরীকরণে পদক্ষেপ গ্রহণ, নগরে পার্ক, শিক্ষাবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান ইত্যাদি।
ইশতেহার ঘোষণার সময় মেয়র পদপ্রার্থী শফিকুল বলেন, ‘আমার কোনো অর্থবিত্ত বা পেশিশক্তি নেই। কিন্তু একজন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা ও সমর্থনই সব ক্ষমতার উৎস। নির্বাচিত হলে জনগণের প্রতিনিধি হিসেবে আমি সিটি করপোরেশনের দায়িত্ব পালন করব।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী দিদার বখত, দলের ভাইস চেয়ারম্যান শেখ আবুল হোসেন, নগর কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান প্রমুখ।