শফীর বক্তব্যের প্রতিবাদে বরিশালে মানববন্ধন
নারীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন করেছে বরিশালের সম্মিলিত নারী ও সচেতন নাগরিক সমাজ। নারীদের এ প্রতিবাদী কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকেরা। কর্মসূচিতে বক্তারা নারী সম্পর্কে শফীর ওই কুরুচিপূর্ণ বক্তব্যে ক্ষোভ প্রকাশ ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গতকাল সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, কাউন্সিলর কহিনুর বেগম, সালমা আক্তার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নূরজাহান বেগম, সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন, সুশাসনের জন্য নাগরিক কমিটির জেলা শাখার সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।বক্তারা নারী সম্পর্কে মাওলানা শফীর কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানান এবং তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। একই সঙ্গে তাঁরা মাওলানা শফীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, হেফাজতে ইসলামের নামে আহমদ শফী জামায়াতের রাজনীতি করছেন। তাঁর এই বক্তব্যের মাধ্যমে উন্নয়নমুখী বাংলাদেশকে মধ্য যুগে নিয়ে যাওয়ার অপচেষ্টা শুরু হয়েছে।