নারীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক। অশ্লীল বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আহমদ শফীর প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল শনিবার ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর পক্ষ থেকে ১৭ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে বলেছেন, ইন্টারনেটে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আহমদ শফীর এক ওয়াজে দেখা গেছে, তিনি নারীসমাজ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। তাঁর এই বক্তব্য বিকৃত মানসিকতার পরিচায়ক।
তিনি পোশাকশিল্পে কর্মরত নারী কর্মীসহ সব কর্মজীবী নারী ও উচ্চশিক্ষার শিক্ষার্থীদের চরম অপমান করেছেন। বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষ সম-অধিকারের যে বিধান রয়েছে, তাঁর এ বক্তব্য এর পরিপন্থী। তাঁরা বলেন, ‘জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানকে এ ধরনের সব অপশক্তিকে তুষ্ট কিংবা লালন করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বিস্ময়কর অর্জনের পেছনে দেশের নারী সমাজের বিপুল অবদান রয়েছে। সব ধরনের কর্মক্ষেত্রে নারীর পদচারণ দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করছে। নারী সমাজ সম্পর্কে আহমদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের এ ধরনের মানসিকতা নারীকে পুনরায় অবরোধবাসিনী ও উন্নয়নমুখী দেশকে মধ্যযুগে প্রত্যাবর্তন করতে উদ্যত হয়েছে।
বিবৃতিতে সই করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আকবর আলি খান, অজয় রায়, কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, আনোয়ারা সৈয়দ হক, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, রাশেদা কে চৌধূরী, সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারেক আলী, রানা দাশগুপ্ত, সৈয়দ মনজুরুল ইসলাম, আবেদ খান, এম এম আকাশ ও নাসিমুন আরা হক।
ক্ষমা চাওয়ার আহ্বান: এদিকে নারীদের ‘তেঁতুল’ আখ্যায়িত করে মাওলানা আহমদ শফীর দেওয়া বক্তব্যকে অশ্লীল, কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যমূলক বলে আখ্যায়িত করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল বাসদ কার্যালয়ে মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এর নেতারা বলেন, হেফাজতের আমিরের এ ধরনের বক্তব্য নারীদের জন্য যেমন অমর্যাদাকর, তেমনি পুরুষদের জন্যও চরম অসম্মানের। এ জন্য তাঁরা আহমদ শফীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। মোর্চার সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিদ্দিকুর রহমান, শুভ্রাংশু চক্রবর্তী, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন, আবদুস সালাম প্রমুখ। এ ছাড়া পৃথক বিবৃতিতে হেফাজতের আমিরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।