শবনম অয়েল মিলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোগ্যপণ্য উৎপাদনকারী অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান টি কে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজে গতকাল বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার গুদামে মজুদ করা বিপুল পরিমাণ ভোজ্যতেল, নারকেল তেল, চিনি, আটা, গম, ময়দাসহ অন্য মালামাল পুড়ে গেছে।আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালকসহ ১০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় ওই কারখানায় আগুন লাগার পর রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ মিলের পরিচালক (উৎপাদন ও কারিগরি) খুরশিদুল আলম বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ থেকে ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শবনম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মো. জসীমউদ্দিন বলেন, কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা রয়েছে। গতকাল রাত সোয়া সাতটার দিকে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের জেনারেটরের কুলিং টাওয়ারের পয়েন্টে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশে নারকেল তেল উৎপাদনকারী কারখানায়। দাহ্য পদার্থ হওয়ায় আগুন খুব দ্রুত বিস্তৃত হয়। একে একে পুড়তে থাকে পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেল, সরিষার তেল, পাম তেল, আটা, ময়দা, চা পাতা উৎপাদন কারখানা ও আমদানি করা কাঁচামাল রাখার গুদাম। উৎপাদিত পণ্যের মজুদের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।এদিকে খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের বৃহত্তর ঢাকা বিভাগের সহকারী পরিচালক মনির হোসেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ, ডেমরা ও ঢাকার খিলগাঁও হেডকোয়ার্টাসের ১২টি ইউনিট কাজ করছে। পাশে শীতলক্ষ্যা নদী থেকে পানির পাম্পের সাহায্যে পানি উত্তোলন করে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। রাতের মধ্যেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে বলে তিনি জানান। এদিকে আগুনে নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মিজানুর রহমান ও কারখানার নয় শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে অবস্থান নেয় বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ।