শব্দ ও ধুলায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথর ভাঙার কলে শ্রমিকেরা কোনো মুখোশ ছাড়াই কাজ করছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকা থেকে গত বৃহস্পতিবার তোলা ছবি প্রথম আলো
পাথর ভাঙার কলে শ্রমিকেরা কোনো মুখোশ ছাড়াই কাজ করছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকা থেকে গত বৃহস্পতিবার তোলা ছবি প্রথম আলো

পঞ্চগড়ে পাথরভাঙা কলের (স্টোনক্রাশিং মেশিন) বিকট শব্দ ও পাথরের ধুলার কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে লক্ষাধিক মানুষ।
জেলার সিভিল সার্জন মোজামেঞ্চল হক বলেন, পাথরের গুঁড়া ও ধূলিকণা শ্বাসনালীতে ঢুকে ফুসফুসের ক্ষতি করে। এ ছাড়া চোখ জ্বালাপোড়া, হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্ট, যক্ষ্মা ও ক্যানসারের মতো রোগ হতে পারে। উচ্চ শব্দে শ্রবণশক্তি ও জীবনীশক্তি ধীরে ধীরে কমে যেতে পারে।
গত বুধবার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে বুড়াবুড়ি বাজার এলাকায় দেখা গেছে, অন্তত ৩০টি কলে বিকট শব্দে পাথর ভাঙা হচ্ছে। ভাঙা পাথরের ধুলার মধ্যে কাজ করছেন শ্রমিকেরা। নাকে-মুখে ধুলা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া মহাসড়কের দুই পাশে সদর উপজেলার জগদল এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও বাংলাবান্ধা এলাকায় এ ধরনের পাঁচ শতাধিক কল রয়েছে।
প্রতিটি কলে মজুরিভিত্তিক ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করেন। শ্রমিকদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। কলগুলো উমঞ্চুক্ত থাকায় এলাকাবাসী ও শ্রমিকেরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। শ্রমিকদের পাথরের গুঁড়া থেকে রক্ষায় কোনো উদ্যোগ নেই।
বুড়াবুড়ি এলাকায় পাথরভাঙা কলের শ্রমিক নারায়ণগঞ্জের রেজিয়া (৫০) বলেন, এখানে কাজ করায় কাশি হয়, মাথা ঝিমঝিম ও চোখ জ্বালাপোড়া করে। বুড়াবুড়ির রমিনা (৫০) বলেন, ‘কাজ-কাম নাই কী করে খাম। তাই এখানে কাজ করি। সারা দিন কাজ করে ১৫০ টাকা পাই।’ একই এলাকার মকছেদ আলী বলেন, ‘পাথরভাঙা কলের শব্দে এলাকায় চলাচল করা মুশকিল।’
বুড়াবুড়ি এলাকার দুটি কলের মালিক দবিরউদ্দিন বলেন, ‘শুধু শ্রমিক কেন, আমরাও তো ঝুঁকির মধ্যে আছি। সরকার কোনো খাসজমিতে আমাদের সব কল-মালিকদের জায়গা এবং স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করলে আমরা তা মেন নেব।’
বেসরকারি হিসেবে জানা গেছে, জেলার ১০ হাজার মানুষ সরাসরি এবং আরও এক লাখ নারী, পুরুষ ও শিশু পরোক্ষভাবে স্বাস্থ্যঝুঁকি ও শব্দদূষণের কবলে পড়েছেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জেলার জগদল, ভজনপুর ও বুড়াবুড়ি এলাকায় পাথরকোয়ারি হওয়ায় কলগুলোর স্থাপনও ওই এলাকাকেন্দ্রিক। এ ছাড়া ভারত থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২০১১ সালের ২২ জানুয়ারি থেকে বাংলাদেশে পাথর আমদানি শুরু হয়েছে। ফলে বাংলাবান্ধা স্থলবন্দরের আশপাশে শতাধিক কল স্থাপন করা হয়েছে। এসব কল পাথর আমদানিকারকেরা স্থাপন করেছেন।
পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ওসমান গণি বলেন, ‘পাথর ভাঙার অঞ্চল বা জোন নির্ধারণ করা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রণীত নীতিমালা প্রয়োগকারী সংস্থা হচ্ছে জেলা প্রশাসন। প্রথমত এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। এর পর আমরা দেখব কলগুলো নীতিমালার অন্যান্য দিক মেনে যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না?
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামসুল আজম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে। তবে অঞ্চল বা জোন গঠনের প্রক্রিয়া এখনো শুরু হয়নি।
তেঁতুলিয়ার ইউএনও মো. মুনিরুজ্জামান বলেন, উপজেলায় ১৫৬টি কলের তালিকা করা হয়েছে। এসব কল-মালিককে মহাসড়কের পাশ থেকে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী তন্ময় স্যানাল বলেন, পাথরভাঙা কল নির্দিষ্ট অঞ্চলের মধ্যে না আনা পর্যন্ত এ অবস্থা থেকে প্রতিকার পাওয়ার কোনো উপায় নেই। তবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বেলা আইনি লড়াইয়ে যাবে।