শব্দ ও বায়ুদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরে চলাচলকারী দুই হাজারেরও বেশি বেবিট্যাক্সি (অটোরিকশা) পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এগুলো জরাজীর্ণ, ফিটনেস নেই এবং অবৈধভাবে চলাচল করছে। এতে শব্দদূষণের পাশাপাশি প্রতিনিয়ত নগরের বাতাস বিষাক্ত হচ্ছে।
খুলনা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) শৈলেন্দ্রনাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘বেবিট্যাক্সি’র ধোঁয়া থেকে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনো অক্সাইড নিঃসৃত হয়। যা শিশু ও গর্ভবতী মায়ের জন্য খুবই ক্ষতিকর। এ থেকে চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ হয়। তা ছাড়া এই ধোঁয়া থেকে যকৃত, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অংশে ক্যানসারের সৃষ্টি হয়।’
নগরের ব্যস্ততম ডাকবাংলা মোড় যানজটমুক্ত রাখতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেবিট্যাক্সিস্ট্যান্ড উচ্ছেদ করা হয়। কিন্তু বছর দেড়েক আগে সেখানে পুনরায় বেবিট্যাক্সিস্ট্যান্ড গড়ে উঠেছে। এতে ব্যস্ততম ওই এলাকায় আগের মতো যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পরিবেশদূষণের মাত্রা বেড়ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ছয় বছর আগেও খুলনায় বেবিট্যাক্সি ছিল দেড় হাজারের মতো। রাজধানী ঢাকায় চলাচল নিষিদ্ধ হওয়ার পর সেখান থেকে এক হাজারেরও বেশি বেবিট্যাক্সি খুলনায় চলে আসে। এর মধ্যে নগরের ডাকবাংলা মোড় থেকে দৌলতপুর ও খালিশপুর, রূপসা-দৌলতপুর-ফুলতলা, রূপসা-খালিশপুর, দৌলতপুর-শাহাপুর ও খুলনা-বটিয়াঘাটা সড়কে সবচেয়ে বেশি বেবিট্যাক্সি চলাচল করছে। সড়কে এসব চলাচল করার সময় বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি করছে। এসব বাহনের ধোঁয়া ও শব্দে নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
সরেজমিনে ডাকবাংলা মোড়, ফেরিঘাট মোড়, পাওয়ার হাউস মোড় ও শিববাড়ী এলাকা ঘুরে দেখা যায় যে অনেক বেবিট্যাক্সি সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে পাঁচজন করে যাত্রী তুলে নগরের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এ সময় আলাপকালে বেবিচালক মনিরুল, কাশেম, ইসমাইল, জাহাঙ্গীর, হানিফ, সালাম জানান, বর্তমানে নগরে বেবিট্যাক্সি ও ইজিবাইক বেড়ে যাওয়ায় তাঁদের আয় হয় ১৫০ থেকে ২০০ টাকা। এ দিয়ে তাঁদের সংসার চলে না। আর পরিবেশদূষণ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। তবে গাড়ি চালনোর পর তাঁদের বমি বমি ভাব, মাথাব্যথা, খাওয়া-দাওয়ায় অরুচি ও চোখ জ্বালা করে এবং ঠিকমতো ঘুম হয় না। এসব সমস্যার কারণে অনেক চালক বেবিট্যাক্সি চালানো ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নিয়েছেন।
দৌলতপুর থেকে শহরে নিয়মিত যাতায়াত করেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, বেবিট্যাক্সির প্রচণ্ড শব্দ কানে খুব লাগে এবং পেট্রোলের গন্ধ ও ধোঁয়ায় চোখ জ্বালাসহ বমি বমি লাগে। বিকল্প বাহন না থাকায় বাধ্য হয়ে বেবিট্যাক্সিতে যাতায়াত করতে হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক এস এম কামরুল হাসান বলেন, এখানে অধিকাংশ বেবিট্যাক্সিই চলাচলের অযোগ্য। এগুলো সম্পূর্ণ অবৈধভাবে চলছে। তাঁদের জানামতে দুই হাজারের মতো বেবিট্যাক্সি চলাচল করছে। এগুলোর ফিটনেস, ট্যাক্স-টোকেন কিছুই নেই।
ট্রাফিক পুলিশ বলছে, সিটি করপোরেশনের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে বলে তারা চলছে। তা না হলে এটি চলত না। কারণ এগুলোর নিয়ন্ত্রণ রয়েছে সিটি করপোরেশনের কাছে। এ ব্যাপারে পুলিশের কোনো ভূমিকা নেই।
পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান বলেন, ‘আমি নিজে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছি। এগুলো প্রতিনিয়ত নগরের পরিবেশ দূষণ করে চলেছে। কিন্তু এর বেশি পরিবেশ অধিদপ্তরের করার কিছু নেই। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্যোগ নিলে এগুলো বন্ধ করা সম্ভব।’
এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানান সম্পত্তি (এস্টেট) কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার। তিনি বলেন, ‘কেসিসি কোনো অনুমতি দেয়নি। তারা তাদের মতো করে চলছে।’