শব্দ-ধোঁয়া ছাড়া কিছুই দেয়নি বিদ্যুৎকেন্দ্রটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের আগস্টে বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ শুরু হলে বেড়াবাসীর খুশির সীমা ছিল না। তারা ভেবেছিল, এটি নির্মিত হলে লোডশেডিং অনেকটাই কমবে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলেও বেড়ার লোডশেডিং কমাতে পারেনি।

উল্টো গত বছরগুলোর তুলনায় এবার বিদ্যুৎ বিভ্রাট আরও প্রকট হয়েছে। ফলে বেড়া ও সাঁথিয়ার মানুষের লোডশেডিং থেকে মুক্ত হওয়ার স্বপ্ন পূরণ হয়নি।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায় ৫৪২ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয় ২০১১ সালের ৮ অক্টোবর। গত বছরের ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। তবে উদ্বোধনের আগে থেকেই কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন করে আসছে।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সূত্রে জানা যায়, এই সমিতির আওতাভুক্ত বেড়া, সাঁথিয়া, সুজানগর ও পাবনা সদর (আংশিক) উপজেলায় প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ২০ মেগাওয়াট। চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎকেন্দ্রটি বেড়াবাসীর জন্য মহাজোট সরকারের বড় উপহার বলে উদ্বোধনের আগে ও পরে প্রচার চালানো হয়। গত সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের উন্নয়নমূলক প্রচারণায় এ বিদ্যুৎকেন্দ্রটি ছিল অন্যতম। অথচ বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণ আরও বেড়েছে। প্রতিদিন এ উপজেলায় ৮-১০ ঘণ্টা লোডশেডিং চলছে। এতে সাধারণ লোকজনের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরাও হতাশ হয়ে পড়েছেন।

বেড়ার দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘সারা দিন বিদ্যুৎকেন্দ্রটি প্রচণ্ড শব্দ ও ধোঁয়া সৃষ্টি করে বিদ্যুৎ উৎপাদন করে। এই প্রচণ্ড গরমেও বিদ্যুৎহীন অবস্থায় থাকি। আসলে শব্দ-ধোঁয়া ছাড়া বিদ্যুৎকেন্দ্রটি আমাদের আর কিছুই দিতে পারেনি।’

বেড়া পৌর এালাকার আওয়ামী লীগের কর্মী এনামুল হক বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র থেকে স্থানীয় চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে বলে শুনেছিলাম। এলাকার সাধারণ মানুষের মধ্যে এ কথাগুলো আমরা গর্ব করে বলেছি। অথচ প্রতিদিন ৮-১০ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে। আমরা নিজেরাই বিরক্ত।’

বিদ্যুৎকেন্দ্রে কর্মরত পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান বলেন, ‘পিকিং পাওয়ার প্ল্যান্টের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও তা হচ্ছে না। এটি অফ পিক আওয়ারে উৎপাদন করছে। এই উৎপাদিত বিদ্যুৎ প্রথমে জাতীয় গ্রিডে যাচ্ছে। তবে এই বিদ্যুৎ কোথায়, কী পরিমাণ বিতরণ করা হবে, তা পিডিবির বিদ্যুৎ বিতরণ কতৃ‌র্পক্ষের বিষয়।’

বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে উপজেলাবাসী প্রচণ্ড কষ্টে আছে। আমার জানামতে, অনেক বিদ্যুৎকেন্দ্রই স্থানীয় চাহিদা পূরণের বিষয়টিকে গুরুত্ব দেয়। সেই হিসেবে সরকারের কাছে বেড়া উপজেলার জন্য কিছুটা হলেও বাড়তি বিদ্যুৎ দাবি করি।’

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) নিতাই কুমার সরকার বলেন, পিডিবির কাছ থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় এমন সংকট দেখা দিয়েছে।