শব্দই পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতির কারণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শব্দদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে একটি মারাত্মক পরিবেশগত সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। আগামী প্রজন্ম মানসিক ও শারীরিকভাবে বেশ ক্ষতির শিকার হচ্ছে। এ ছাড়া শ্রবণশক্তি হ্রাস পাওয়া, বধিরতা, হৃদ্রোগ, শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হওয়াসহ নানা রকম সমস্যা দেখা দেয়। তাই শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল বুধবার সকাল ১০টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের সামনে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক কর্মসূচি’ বিষয়ক এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। শব্দদূষণ রোধে ১৯৯৬ সাল থেকে এপ্রিল মাসের যেকোনো বুধবার দিবসটি পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ‘প্রাণীর যোগাযোগের অন্যতম মাধ্যম হলো শব্দ। কিন্তু এই শব্দই আজ আমাদের পরিবেশ ও স্বাস্থ্যগত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা শব্দদূষণের সৃষ্টি করছি, তারাও এর ক্ষতির শিকার হচ্ছি। কাজেই শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা কর্মসূচির পাশাপাশি আমাদের সবাইকেই সচেতন হতে হবে। সবাই মিলে শব্দদূষণ প্রতিরোধ করতে হবে।’
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘শব্দদূষণের উৎসসমূহ বন্ধ করার পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সরকারের শব্দদূষণ রোধের কর্মসূচির মাধ্যমে তা নিয়ন্ত্রণে এক ধাপ এগিয়ে যাওয়া যাবে। এ ছাড়া শব্দদূষণ থেকে জনসাধারণকে রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে।’
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল বলেন, ‘মাত্রাতিরিক্ত শব্দ তৈরির কারণে আমরা আজ ভয়াবহ শব্দদূষণের মধ্যে বাস করছি। নগরায়ণ, শিল্পায়ন, মানুষের দৈনন্দিন কাজকর্ম, যানবাহন ব্যবহারের ফলে শব্দের মাত্রা অসহনীয় হয়ে পড়েছে। এতে মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।’
অনুষ্ঠানে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক কর্মসূচি’র কর্মসূচি পরিচালক ফরিদ আহমেদ, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদসহ পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, কচিকণ্ঠ হাইস্কুল, আইডিয়াল ক্যাডেট স্কুল এবং আলিফ আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিল।