শব্দকর সম্প্রদায়ের চড়কপূজা্রও মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল গ্রামে গত সোমবার বিকেলে নৃতাত্ত্বিক গোষ্ঠী শব্দকর সম্প্রদায়ের চড়কপূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ‘মৌলভীবাজার জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ ও সংরক্ষণ কর্মসূচি’র আওতায় মণিপুরি ললিতকলা একাডেমি শব্দকর সম্প্রদায়ের এই বৃহৎ উৎসবের আয়োজন করে। সহযোগিতায় ছিল শব্দকর সমাজ উন্নয়ন কমিটি।চড়ক উৎসবে দুপুর থেকে দর্শনার্থীদের সমাগম শুরু হয়। বিকেলে ভক্তরা বিশাল দা নিয়ে বলিছেদ নৃত্য, শিবের নৃত্য ও কালীনৃত্য প্রদর্শন করেন। নৃত্য শেষে চারজন ভক্তকে স্নান করিয়ে মন্ত্র পড়ে বড়শি আকৃতির লোহার শিক তাঁদের জিহ্বা ও গলাসহ শরীরের বিভিন্ন অংশে গাঁথা হয়। স্থানীয় লোকজন জানান, মন্ত্রের গুণে কারও শরীর থেকে কোনো রক্তপাত হয় না। এরপর সেই বড়শির সঙ্গে দড়ি বেঁধে তাঁদের চড়কগাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। চড়কগাছটি আগে থেকেই প্রস্তুত ছিল। নিচে থেকে দড়ি টেনে নৃত্যের তালে তালে চড়কগাছ ঘোরানো শুরু হয়। বড়শিগাঁথা অবস্থায় চক্রাকারে চড়কগাছে ঝুলতে থাকেন ওই ভক্তরা। ঘূূর্ণনের গতি বাড়তে থাকে এবং রুদ্ধশ্বাসে সবাই তা দেখতে থাকেন। এ সময়ে দর্শনার্থীদের অনেকে বাতাসা ও কলা ওপরের দিকে ছুড়ে দেন। এভাবে প্রায় ৩০ মিনিট ধরে ঘোরানো হয় চড়কগাছ। ‘শব্দকর’ সনাতন হিন্দুধর্মের নিম্নবর্ণের অবহেলিত একটি প্রাচীন সম্প্রদায়। চড়কপূজা শব্দকরদের একটি বড় ধর্মীয় উৎসব। ‘ঢোলী’ নামে পরিচিত শব্দকরদের এত দিন আলাদা কোনো স্বীকৃতি ছিল না। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি অবহেলিত শব্দকর সমপ্রদায়কে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আওতাভুক্ত করেছে। কমলগঞ্জ উপজেলার ৩৫টি গ্রামে পাঁচ হাজারের অধিক শব্দকরের বসবাস। শব্দকরদের চড়কপূজা উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় উৎসব প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা সংস্কৃতিপ্রিয় শব্দকর জনগোষ্ঠীর জন্য বাদ্যযন্ত্র সরবরাহ ও পৃষ্ঠপোষকতা, অনগ্রসর নৃগোষ্ঠী হিসেবে শব্দকর সমপ্রদায়ের অন্তর্ভুক্তি, বিশুদ্ধ জল ও স্বাস্থ্যসম্মত পায়খানা সরবরাহ, পর্যাপ্ত বিদ্যুৎ-সংযোগ প্রদান, বিধবা ও বয়স্ক ভাতায় অন্তর্ভুক্তি এবং মইডাইলের পূজামণ্ডপের রাস্তা সংস্কারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।