চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ে আগামী ১৭ ও ১৮ অক্টোবর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘শব্দকল্পদ্রুম’ নামের বাংলা বানান প্রতিযোগিতা ও উৎসব। গতকাল মঙ্গলবার নগরের সার্কিট হাউস মিলনায়তনে উৎসবের লোগো উন্মোচন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শব্দকল্পদ্রুম উদ্যাপন পরিষদ উৎসবের আয়োজন করছে। অনুষ্ঠান ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াগ্রাফি।
অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। লিখিত বক্তব্য পড়েন কবি-সাংবাদিক আবুল মোমেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি আ জ ম নাছির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান, প্রাইম ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম প্রমুখ।
শব্দকল্পদ্রুম উদ্যাপন কমিটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল তাঁর মায়ের অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, ‘আমরা সব জায়গায় ভুল বানানে বাংলা লিখি ও ভুল উচ্চারণে বাংলা বলে থাকি। কিন্তু এ নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। শব্দকল্পদ্রুম উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুদ্ধ বানানে বাংলা বলতে ও লিখতে আগ্রহী হবে।’
কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মন থেকে বাংলা ভাষা ও বাংলা বানান বিষয়ে ভয় দূর করার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতা ও উৎসব। এই আয়োজনে অংশগ্রহণ করার ফলে শিক্ষার্থীদের বাংলা বানানভীতি দূর হবে, বাংলা ভাষার নতুন শব্দভান্ডার খুঁজে পাবে, বাংলা শব্দ তৈরির গল্পগুলো তারা জানতে পারবে।
দুই দিনব্যাপী উৎসবে থাকবে বানান প্রতিযোগিতা বা বানানযুদ্ধ, উচ্চারণ ও শব্দ নিয়ে খেলা, প্রামাণ্য স্থিরচিত্র প্রদর্শনী, বাংলা ভাষার ইতিহাসবিষয়ক তথ্যভিত্তিক চিত্র প্রদর্শন, ভাষাসৈনিকদের স্মৃতিচারণা, লেখক ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় ও বইমেলা।