শব্দকল্পদ্রুম পিপীলিকা বাংলা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রথমবারের মতো ‘শব্দকল্পদ্রুম পিপীলিকা বাংলা উৎসব’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন ভাষাসৈনিক এ কে এম এমদাদুল ইসলাম।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শব্দকল্পদ্রুম উদ্যাপন কমিটি বিদ্যালয়ভিত্তিক বাংলা বানানের এই প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করে। সংগঠনের সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. মাহবুবুল হক বলেন, ‘বাংলা ভাষা নিয়ে এই প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তাই আজকের দিনটি আমাদের জন্য অনেক আনন্দ ও সৌভাগ্যের। আমরা শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা করব এবং ভালোবাসব।’
শিশুসাহিত্যিক আলী ইমাম বলেন, ‘বাংলা ভাষার ওপর সুকৌশল ও চতুরভাবে হামলা চলছে। প্রাণের এই ভাষাকে বিধ্বস্ত ও বিপন্ন করার চেষ্টা চলছে। রক্তভেজা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আজ শপথ নিতে হবে।’
ভাষা ও শিক্ষাবিদ হায়াৎ মামুদ বলেন, ‘পৃথিবীতে মাতৃভাষার চেয়ে বড় কোনো ভাষা আর নেই। ভাষাহীনভাবে কোনো চিন্তা করা যায় না। তাই আমরা বাংলা ভাষায় চিন্তা করব ও চর্চা করব।’
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছে। সে আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে। এখন একটি সংকট চলছে। দেশে বাংলা ভাষার চর্চা কমে যাচ্ছে। আমরা ইংরেজি ভাষার চর্চা করব। অনেক ক্ষেত্রে দুটির কোনোটিই হচ্ছে না। সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে ভাষা। সব ভাষার মধ্যে মাতৃভাষা হচ্ছে শক্তিশালী অস্ত্র।’
সভাপতির বক্তব্যে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বাংলা ভাষার গবেষণায় কবি, সাহিত্যিকদের পাশাপাশি এখন কম্পিউটার বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরাও কাজ করছেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ রোজারিও প্রমুখ।
উৎসবের উদ্বোধক ভাষাসৈনিক এ কে এম এমদাদুল ইসলামকে উত্তরীয় ও সম্মাননা প্রদান করেন আয়োজকেরা। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন ফুলকির শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে ফানুস ও আতশবাজি পোড়ানো হয়।