শব্দদূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চগড়বাসী
ময়লা-আবর্জনার দুর্গন্ধ ও শব্দদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছে পঞ্চগড় জেলা শহরের মানুষ। শহরের যত্রতত্র ময়লা ফেলে রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। শহরে বিভিন্ন প্রতিষ্ঠান মাইকিং করায় ও শহরের মধ্য দিয়ে চলাচলকারী যানবাহনগুলো উচ্চ শব্দে হর্ন বাজানোর কারণে শব্দদূষণ বাড়ছে। এতে বেশি সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের।
জানা গেছে, পঞ্চগড় শহরে ৭০ হাজার লোক বাস করে। এখানে আটটি বিদ্যালয় ও কলেজ আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে।
শহরের কয়েকজন বাসিন্দা জানান, পঞ্চগড় শহরে মধ্যে দিয়ে ঢাকা-তেঁতুলিয়া মহাসড়ক চলে গেছে। এ কারণে ট্রাক, দূরপাল্লার বাস, আন্তজেলা মিনিবাস, পিকআপ, ট্রাক্টর, প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন, ভ্যান, রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। এসব পরিবহন চলাচলের সময় শব্দ হয়। এ ছাড়াও চালকেরা উচ্চ শব্দে হর্ন বাজানোর কারণে মানুষের সমস্যা হচ্ছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্রত্যেক যানবাহন দিনের বেলা ৫০ ডেসিবেল এবং রাতের বেলায় ৪০ ডেসিবেল মাত্রায় হর্ন বাজাতে পারবে। কিন্তু ট্রাক ও বাসচালকেরা বলতেই পারছেন না তাঁদের পরিবহনে কত মাত্রার ডেসিবেলের হর্ন ব্যবহৃত হচ্ছে। ট্রাকচালক মিজানুর ও দবিরুল জানান, কত ডেসিবেলের হর্ন ব্যবহার হচ্ছে তা তাঁরা জানেন না।
শহরে দিনে এবং রাতে বিভিন্ন পণ্যের প্রচার ও বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পর্কে প্রচারের জন্য মাইকিং করায় ছাত্রছাত্রীরা রাতের বেলা ভালোমতো পড়াশোনাও করতে পারছে না। সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত মাইকিং করা হচ্ছে।
মিঠাপুকুর এলাকার নবম শ্রেণির ছাত্রী রেবা জানায়, পরীক্ষার সময় মাইকিং আর হর্ন মনোযোগ নষ্ট করে দেয়। ডোকোরোপাড়া এলাকার অভিভাবক আনোয়ার হোসেন বলেন, ‘শহরে হর্ন আর মাইকিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি।’
জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, অনিয়ন্ত্রিত হর্ন ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া আছে। এর মধ্যে কিছু যানবাহনের হর্ন খুলে ফেলা হয়েছে।
শহরের ভেতরের কাঁচাবাজার, সরকারি মিলনায়তন এলাকা, টিনপট্টি, বকুলতলায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পৌরসভা নিয়মিত পরিষ্কার না করায় এসব থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
মকবুলার রহমান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আমান জানায়, অলিতে-গলিতে ময়লা-আবর্জনার স্তূপ থেকে প্রায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. মনসুর আলম বলেন, মাইকিং করার ক্ষেত্রে কোনো সময় মানা হচ্ছে না। তা ছাড়া একাধিক অতিথি চিকিৎসকের জন্য প্রায় প্রতিদিনই মাইকিং করা হচ্ছে। যা মানবদেহের জন্য অবশ্যই ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তরের নীতিমালা মেনে মাইকিং করা উচিত।
সিভিল সার্জন আহাদ আলী জানান, তীব্র হর্ন এবং মাইকিংয়ের শব্দ মানুষের মস্তিষ্কে আঘাত করে। এতে শ্রবনেন্দ্রিয় ছাড়াও হৃদ্রোগের ঝুঁকি আছে। পৌর মেয়র তৌহিদুল ইসলাম জানান, পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে। তবে দোকানদারেরা ময়লা-আবর্জনা দুপুরে না ফেলে রাতে ফেললে ভালো হয়। কারণ, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সকালেই ময়লা-আবর্জনা নিয়ে আসেন। মাইকিং ও হর্নের ব্যাপারে তিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে বারবার আলোচনা করা হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে মাইক সার্ভিসের দোকানগুলোকে চিঠি দিয়ে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।