শব্দদূষণ রোধে জনসচেতনতা বেশি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, শব্দদূষণও যে একটা দূষণ, সে বিষয়ে মানুষ জানতেন না, এখন জানছেন। আর শব্দদূষণ রোধে মানুষের সচেতনতা বেশি জরুরি।
গতকাল বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর এমপি হোস্টেলের সামনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মিরপুর সড়ক এবং মানিক মিয়া অ্যাভিনিউর সংযোগস্থলে ট্রাফিক সিগন্যালের সামনে ‘নীরব এলাকা’ চিহ্নিত সাইন পোস্টের উদ্বোধন করেন।
সমাবেশে আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, সরকার পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, এ কাজ অব্যাহত থাকবে।
সমাবেশে জানানো হয়, সরকার শব্দ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরের তথ্য সংগ্রহ করেছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল।
শব্দদূষণ নীতিমালায় হাসপাতাল, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান নীরব এলাকা হিসেবে উল্লেখ করা আছে। এসব এলাকায় ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫০ ডেসিবেল এবং রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪০ ডেসিবেলের বেশি শব্দ তৈরি করা নিষেধ।