শব্দদূষণ রোধে সচেতনতার ওপর জোর দিলেন মন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, শব্দদূষণও যে একটা দূষণ, সে বিষয়ে মানুষ জানত না। এখন জানছে। সরকার দেশের পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে।
আজ বুধবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউর এমপি হোস্টেলের সামনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মিরপুর সড়ক এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ট্রাফিক সিগন্যালের সামনে নীরব এলাকা চিহ্নিত সাইনপোস্টের উদ্বোধন করেন।
শব্দদূষণ নীতিমালায় হাসপাতাল, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান নীরব এলাকা হিসেবে উল্লেখ করা আছে। এসব এলাকায় স্বাভাবিকভাবে যে শব্দ তৈরি হয়, তার বাইরে শব্দ তৈরি করা নিষিদ্ধ। এ ছাড়া বাণিজ্যিক, শিল্প ও আবাসিক এলাকায় শব্দ তৈরি করার যে মাত্রা আছে, সেগুলো মেনে চলার জন্য নীতিমালা আছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল বলেন, সরকার শব্দ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি দেশের বিভাগীয় শহরগুলোতে বেজলাইন ডেটা তৈরি করা হয়েছে। এগুলোর বিভিন্ন অংশে শব্দের মাত্রা কত, শব্দের যে উৎসগুলো আছে, সেগুলো নিয়ন্ত্রণ, পেশাদার গাড়িচালক ও অপেশাদারদের প্রশিক্ষণ দেওয়া, জনসাধারণের সচেতনতা তৈরি, বিজ্ঞানভিত্তিক অনুষঙ্গ তথা শব্দের মাত্রা পরিমাপের মিটার শব্দদূষণের মাত্রা পরীক্ষার জন্য আধুনিক ও বিজ্ঞানভিত্তিক যন্ত্র ব্যবহার করার ওপর জোর দিচ্ছে।
তিনি বলেন, ‘শব্দদূষণের উৎস এত বেশি যে বাস্তবায়নকারী সংস্থা যেসব কাজ করছে, সেগুলো চোখে দেখা যাচ্ছে না। তবে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। জনগণ ও গণমাধ্যমগুলোর মাধ্যমে শব্দ সচেতনতা আরও বাড়াতে হবে।’
সমাবেশে বলা হয়, যানবাহনে ব্যবহৃত হয়, এমন শব্দদূষণকারী হর্ন ব্যবহার নিয়ে যে নীতিমালা আছে, সেগুলো যাতে সবাই মেনে চলে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন হতে হবে। এ ছাড়া অন্য বড় যেসব যন্ত্র বেশি শব্দ তৈরি করে, যেমন জেনারেটর, ওয়েল্ডিং মেশিন, ইট ভাঙার মেশিন, টাইলস কাটার মেশিনে শব্দ নিয়ন্ত্রণ করার যন্ত্র ব্যবহার করে শব্দ নিয়ন্ত্রণ করা উচিত।
সমাবেশে আরও বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সচিব ইসতিয়াক আহমদ প্রমুখ।