শব্দদূষণে অতিষ্ঠ ৪০ হাজার বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌর শহরে কয়েক মাস ধরে দিনরাত উচ্চশব্দে মাইকিং হচ্ছে। বিকট শব্দে বাজানো হচ্ছে যানবাহনের হর্ন ও বাদ্যযন্ত্র। এতে পৌর শহরের ৪০ হাজার বাসিন্দা শব্দদূষণের শিকার হচ্ছেন। এতে তাঁদের স্বাস্থ্যও ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া।
বাংলাদেশের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুযায়ী, নীরব এলাকায় শব্দের সহনীয় মাত্রা দিনে ৫০ ও রাতে ৪৫ ডেসিবেল (শব্দের তীব্রতা পরিমাপের একক), আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ এবং মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল। শব্দের মাত্রা এর বেশি হলে শব্দদূষণ হয়। উচ্চমাত্রার শব্দ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পরিমাপ করে দেখা গেছে, নির্বাচনী এবং পণ্য ও সেবার প্রচার চালানোর জন্য মাইকিং করার সময় শব্দের মাত্রা ৯০-১২০ ডেসিবেলের মধ্যে থাকে, অথচ মানুষের জন্য সহনীয় মাত্রা হচ্ছে ৫০-৬০ ডেসিবেল।
এ বিষয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক নাজমুল হক বলেন, ‘উচ্চমাত্রার শব্দে শ্রবণ ও মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে শ্রবণশক্তি পুরোপুরি নষ্ট হতে পারে। এমনকি মস্তিষ্কে সমস্যা হতে পারে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব পৌর বাজারে আটটি মাইকের দোকান আছে। এগুলোতে মাইক রয়েছে দুই শতাধিক। এসব মাইক ভাড়ায় চলছে। তিন-চারটি সাজসজ্জার (ডেকোরেটর) দোকানের মালিকেরাও মাইক ভাড়া দিচ্ছেন।
পৌর শহরের কলাদী এলাকার তিনজন বাসিন্দা বলেন, ছয় মাস ধরে গভীর রাত পর্যন্ত পৌর শহর ও আশপাশের এলাকার রাস্তায় তীব্র শব্দে মাইকিং করা হচ্ছে। ক্রীড়া, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচার চালাতে মাইক বাজানো হচ্ছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকদের সেবাবিষয়ক প্রচার চালাতেও মাইকিং হয়। ইউনানি, আয়ুর্বেদীয় ও ভেষজ ওষুধের প্রচারণায়ও উচ্চশব্দে মাইকিং হচ্ছে। রিকশা ও অটোরিকশায় লোক দিয়ে মাইকিং হচ্ছে। লোক ছাড়াও ডিজিটাল পদ্ধতিতে চলছে মাইকিং।
শহরের কলেজ গেট এলাকার বাসিন্দা মো. সোহাগ অভিযোগ করেন, প্রতিদিন শহরে ৪০-৫০টি মাইক বাজানো হচ্ছে। মাইকিং ছাড়াও যানবাহনের হর্ন ও ঢোল-বাদ্য বাজানো হচ্ছে।
স্থানীয় মতলব ডিগ্রি কলেজের প্রভাষক মো. কামাল হোসেন বলেন, পৌর শহরে দুটি কলেজ, তিনটি উচ্চবিদ্যালয় ও আটটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উচ্চশব্দে মাইকিং করার কারণে এসব প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
পৌর শহরের কলাদী এলাকার এবারের এইচএসসি পরীক্ষার্থী লুবনা আক্তার বলে, প্রায় প্রতিদিন রাত ১২টা-১টা পর্যন্ত তার বাসার সামনের রাস্তায় বিকট শব্দে মাইকিং চলে। পড়ালেখায় মনোযোগ থাকে না। এতে তার মাথাব্যথা করে।
নবকলস এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের অভিযোগ, মাইকিংয়ের শব্দে তাঁর ক্যানসার-আক্রান্ত মা রাতে ঘুমাতে পারেন না। স্থানীয় মাইকের দোকানের মালিক মো. স্বপন বলেন, প্রতিদিন আট-দশটি মাইক ভাড়া দিচ্ছেন। কারও অনুমতি নেন না।
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন বলেন, বিকট শব্দে মাইক ও অন্যান্য যন্ত্র বাজানোর বিষয়টি গত মাসে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। এসব বন্ধে তিনি প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া যখন-তখন মাইকিং করা নিষেধ। জোরে গাড়ির হর্ন বা বাদ্যযন্ত্র বাজানোও নিয়মের মধ্যে পড়ে না। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।